‘অখণ্ড ভারতের রূপকার’, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে দেশজুড়ে শ্রদ্ধাঞ্জলি মোদির!

ভারতের অখণ্ডতা এবং জাতীয়তাবাদের অন্যতম প্রধান স্থপতি, প্রখ্যাত শিক্ষাবিদ ও রাষ্ট্রনায়ক ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এই বিশেষ দিনে দেশজুড়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হচ্ছে বাংলার এই বীর সন্তানকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়ে শ্যামাপ্রসাদের অসামান্য অবদানের কথা তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী লেখেন, “আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে, আমি ভারতের অন্যতম শ্রেষ্ঠ জাতি-নির্মাতা এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাই। তাঁর জীবন পাণ্ডিত্য, সাহস এবং জাতীয় সেবার এক অনন্য দৃষ্টান্ত।”
প্রধানমন্ত্রী তাঁর বার্তায় শ্যামাপ্রসাদের বহুবিধ প্রতিভার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “একজন অসামান্য চিন্তাবিদ হিসেবে তিনি এক ভবিষ্যৎমুখী শিক্ষাকে সমর্থন করেছিলেন। শিল্পমন্ত্রী হিসেবে তিনি আত্মনির্ভরশীলতার ভিত্তি স্থাপন করেছিলেন। বাংলার দুর্ভিক্ষের সময় তাঁর মানবিক প্রচেষ্টা আজও আমাদের অনুপ্রাণিত করে। ভারতের ঐক্য ও অখণ্ডতার প্রতি তাঁর অবিচল অঙ্গীকার আমাদের ‘বিকশিত ভারত’ গড়ার পথে সদা পথপ্রদর্শক হয়ে থাকবে।”
অন্যদিকে, শ্যামাপ্রসাদের জন্মদিবসকে কেন্দ্র করে আজ রাজ্যজুড়ে চলছে বিশেষ অনুষ্ঠান। তাঁর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকেলে কলকাতায় তাঁর তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অমিত শাহের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ ও তাঁর অবদানের কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে বিজেপি ও রাজ্য সরকার একযোগে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আজ শ্যামাপ্রসাদের স্মৃতিবিজড়িত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন সেজে উঠেছে নতুন সাজে। ১৯০৬ সাল থেকে ম্যাট্রিক পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। স্কুলের বিশেষ অনুষ্ঠানে আজ উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্কুল চত্বর থেকে শুরু করে শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে—সব জায়গাতেই আজ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের ভিড়।
গত মাসেই রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মঞ্চ থেকে শ্যামাপ্রসাদের প্রাসঙ্গিকতা নিয়ে সরব হয়েছিলেন। আজ প্রধানমন্ত্রীর টুইট এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর—সব মিলিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন করে বাঙালির মানসপটে প্রতিষ্ঠিত করার এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিজেপি। সব মিলিয়ে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তী এ বছর রাজ্যে এক বিশেষ মাত্রা যোগ করেছে।