১৫ ফেব্রুয়ারি থেকে থেকে যুবসাথী—নবান্নের বিশেষ শিবিরে আবেদন করতে কী কী নথি লাগবে?

সাধারণ মানুষের দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ফের তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, ‘দুয়ারে সরকার’-এর আদলে রাজ্যজুড়ে শুরু হচ্ছে ‘স্বনির্ভর বাংলা’ কর্মসূচি। আগামী ১৫ ফেব্রুয়ারি, রবিবার থেকেই রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ ক্যাম্প বসতে চলেছে।

ইতিমধ্যেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী সমস্ত জেলাশাসকদের নিয়ে প্রস্তুতি বৈঠক সেরেছেন। লক্ষ্য একটাই— সাধারণ মানুষের হাতে দ্রুত সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া।

কবে ও কোথায় হবে ক্যাম্প?

নবান্নের নির্দেশিকা অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিশেষ শিবির চলবে।

  • সময়: প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

  • স্থান: রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের বিডিও অফিস, পুরসভা অফিস ছাড়াও জনবহুল এলাকায় এই ক্যাম্প বসবে।

  • সতর্কবার্তা: সরকারি ছুটির দিনগুলোতে ক্যাম্প বন্ধ থাকবে।

কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে?

প্রতিটি ক্যাম্পে মূলত চারটি গুরুত্বপূর্ণ দফতরের আধিকারিকরা উপস্থিত থাকবেন। আবেদন করা যাবে নিচের বিষয়গুলিতে: ১. যুবসাথী: বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ প্রকল্প। ২. লক্ষ্মীর ভাণ্ডার: উপভোক্তাদের নতুন আবেদন বা সমস্যা সমাধান। ৩. কৃষি ও ভূমি: ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের জন্য বিশেষ সুবিধা। ৪. বিদ্যুৎ ও শিশু কল্যাণ: বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা এবং নারী ও শিশু কল্যাণ প্রকল্পের কাজ।

আবেদন করতে কী কী লাগবে? (চেকলিস্ট)

আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে তার সঙ্গে নিচের নথিগুলি স্ব-প্রত্যয়িত (Self-attested) করে জমা দিতে হবে:

  • আধার কার্ডের জেরক্স।

  • জাতিগত শংসাপত্র (যদি থাকে)।

  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স।

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড (বয়সের প্রমাণ হিসেবে)।

  • ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।

অনলাইনে ফর্মের জন্য wbsportsandyouth.gov.in বা sportsandyouth.wb.gov.in ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে।

কৃষকদের জন্য বিশেষ উপহার

রাজ্য সরকার ঘোষণা করেছে, আগামী ১ এপ্রিল থেকে যুবসাথী প্রকল্পের পাশাপাশি ভূমিহীন ক্ষেতমজুর এবং কৃষকদের জন্য সেচের জলের নির্ধারিত জলকর সম্পূর্ণ মকুব করা হবে। নবান্নের দাবি, এই ক্যাম্পের মাধ্যমে কয়েক লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy