১০০ টাকার অভিশাপ! ২০ বছরের ‘ভুল’ পিছু ছাড়ল না ৬৫-তেও, ৪৫ বছর পর শ্রীঘরে বৃদ্ধ

কথায় বলে, আইনের হাত অনেক লম্বা। কিন্তু সেই হাত যে ৪৫ বছর আগের মাত্র ১০০ টাকার চুরির মামলার কিনারা করতে ৬৫ বছরের এক বৃদ্ধের কলার চেপে ধরবে, তা বোধহয় কেউ কল্পনাও করেনি। মধ্যপ্রদেশের বালসামুন্দ এলাকার দীর্ঘ সাড়ে চার দশকের পুরনো এক মামলার নিষ্পত্তি করতে গিয়ে পুলিশ গ্রেফতার করল সেলিম নামক এক ব্যক্তিকে। ২০ বছর বয়সে করা এক ‘ভুল’ আজ তাঁর বার্ধক্যকে শ্রীঘরের অন্ধকারে ঠেলে দিল।

ঘটনাটি ১৯৮০ সালের। তখন সেলিমের বয়স ছিল মাত্র ২০ বছর। অভাবের তাড়নায় হোক বা নেহাতই হঠকারিতা, একটি গমের ক্ষেত থেকে এক চটের ব্যাগ গম চুরি করেছিলেন তিনি। সেই গমের আনুমানিক বাজারমূল্য ছিল মাত্র ১০০ টাকা। চুরির পরই জানাজানি হওয়ার ভয়ে সেলিম সপরিবারে গ্রাম ছেড়ে পালিয়ে যান এবং মধ্যপ্রদেশের ধার জেলার বাগ এলাকায় নতুন করে সংসার পাতেন। সেখানে গত ৪৫ বছর ধরে অত্যন্ত সাধারণ ও অপরাধমুক্ত জীবন যাপন করছিলেন তিনি, গড়ে তুলেছিলেন নিজের একটি দোকানও। হয়তো সেলিম নিজেও ভুলে গিয়েছিলেন সেই ১০০ টাকার গমের কথা।

কিন্তু সম্প্রতি মধ্যপ্রদেশ পুলিশ পুরনো ও অমীমাংসিত মামলাগুলি (Cold Cases) নিষ্পত্তির জন্য বিশেষ অভিযান শুরু করে। ধুলোমাখা ফাইল ঘাঁটতে গিয়েই পুলিশের নজরে আসে সেলিমের বিরুদ্ধে হওয়া সেই পুরনো অভিযোগ। পুলিশ হাল ছাড়েনি। সেলিমের এক পরিচিতের সূত্র ধরে তাঁর বর্তমান ঠিকানার খোঁজ পায় পুলিশ এবং আচমকা হানা দিয়ে ৬৫ বছর বয়সী বৃদ্ধ সেলিমকে গ্রেফতার করে। মাত্র ১০০ টাকার গম চুরির দায় যে ৪৫ বছর পর এভাবে মিটিয়ে দিতে হবে, তা দেখে তাজ্জব বনে গেছেন সেলিমের প্রতিবেশী থেকে শুরু করে সাধারণ মানুষও।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy