“হোটেল পাননি, এগিয়ে গিয়েছিলেন সমুদ্রের টানে!”-রাতারাতি সলিল সমাধি ডাক্তার দম্পতির

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর শোক এখনও কাটেনি বাঙালির মন থেকে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও সমুদ্রের নীল জল কেড়ে নিল দুটি তাজা প্রাণ। বুধবার রাতে পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকতে তলিয়ে গিয়ে মৃত্যু হলো কলকাতার এক নামী চিকিৎসক দম্পতির।

তাজপুরে রাত নামতেই বিপর্যয়
পুলিশ সূত্রের খবর, বুধবার রাত আটটা নাগাদ কলকাতা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে তাজপুর পৌঁছান ওই দম্পতি। সমুদ্র সৈকতের কাছাকাছি থাকার জন্য তাঁরা বেশ কয়েকটি হোটেল খুঁজলেও খালি পাননি। এরপরই একটু ফ্রেশ হওয়ার জন্য তাঁরা সৈকতের দিকে এগিয়ে যান। গাড়ির চালক পাড়েই অপেক্ষা করছিলেন। কিন্তু জোয়ারের সময় সমুদ্রের গহীনে তাঁরা কতটা এগিয়ে গিয়েছিলেন, তা খেয়াল করতে পারেননি চালক। দীর্ঘক্ষণ তাঁদের দেখতে না পেয়ে আতঙ্কিত চালক মন্দারমণি উপকূল থানায় খবর দেন।

উদ্ধার হলো নিথর দেহ
খবর পেয়েই তল্লাশিতে নামে পুলিশ। তাজপুরের বিশ্ব বাংলা উদ্যানের কাছে দুজনের নিথর দেহ ভাসতে দেখা যায়। দ্রুত বালিসাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃত কুন্তল চক্রবর্তী (৩৫) কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমের চিকিৎসক এবং তাঁর স্ত্রী শৈলজা ভরদ্বাজ (৩২) মুর্শিদাবাদের ডোমকল মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। মাত্র ৩ বছর আগে চার হাত এক হয়েছিল তাঁদের, কিন্তু কে জানত তাজপুরের এই ভ্রমণই হবে তাঁদের শেষ সফর!

উড়ছে একাধিক প্রশ্ন
গত রবিবারই ওড়িশার তালসারিতে শুটিংয়ের সময় জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই ঘটনার পর পর্যটকদের নিরাপত্তা ও সচেতনতা নিয়ে যখন তোলপাড় রাজ্য, ঠিক তখনই এই চিকিৎসক দম্পতির মৃত্যু প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তাঁরা কি অসতর্কভাবে সমুদ্রে নেমেছিলেন? নাকি মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? এমনকি ঘটনার সময় তাঁরা মদ্যপ ছিলেন কি না, তাও খতিয়ে দেখছে কাঁথি মহকুমা পুলিশ।

শোকস্তব্ধ চিকিৎসক মহল
বৃহস্পতিবার কাঁথি মহকুমা হাসপাতালে দেহ দুটির ময়নাতদন্ত করা হয়। শৈলজা ও কুন্তলের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে উত্তর ২৪ পরগনার ঘোলা ও মুর্শিদাবাদের ডোমকল মহকুমা হাসপাতালে। সৈকতে পর্যটকদের লাগামহীন গতিবিধি নিয়ন্ত্রণে প্রশাসনের কড়াকড়ি নিয়ে আবারও উঠছে জোরালো দাবি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy