স্কুলে শাস্তি, গরমে অসুস্থতা, তারপর কোমা! ৮ বছরের পড়ুয়ার মৃত্যুতে কাঠগড়ায় নামী স্কুল

কলকাতার বাঁশদ্রোণী এলাকায় এক বেসরকারি স্কুলের বিরুদ্ধে উঠেছে মারাত্মক অভিযোগ। মাত্র আট বছর বয়সী তৃতীয় শ্রেণির ছাত্র আয়ুষ নাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পরিবারের দাবি, গত ১৩ মে স্কুলের শ্রেণিকক্ষে অসুস্থবোধ করায় বাড়ি যেতে চেয়েছিল আয়ুষ। কিন্তু অভিযোগ, শ্রেণি শিক্ষক তাকে বাড়ি যেতে না দিয়ে শাস্তি হিসেবে মাথা নিচু করে বসিয়ে রাখেন। তীব্র গরমে ফ্যানবিহীন শ্রেণিকক্ষে দীর্ঘক্ষণ বসে থাকায় সে আরও অসুস্থ হয়ে পড়ে।

পরিবারের আরও অভিযোগ, স্কুল শেষে অসুস্থ অবস্থায় সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। কিন্তু তখনও স্কুল কর্তৃপক্ষ তাকে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনবোধ করেনি। স্কুল ছুটির পর বাবার কাছে খবর পৌঁছায়, ছেলে অসুস্থ। হাসপাতালে নিয়ে গেলে টানা ১০ দিন কোমায় থাকার পর রবিবার সকালে মৃত্যু হয় তার।

মৃতের বাবা আশিস কুমার নাথ নেতাজিনগর থানায় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার স্কুলের বাইরে বিক্ষোভ দেখান অভিভাবকরা। যদিও স্কুল পরিচালন সমিতির দাবি, ছাত্রকে কোনো শাস্তি দেওয়া হয়নি। তাদের মতে, গরমে সে অসুস্থ হয়ে পড়েছিল এবং তাকে প্রাথমিক শুশ্রূষাও দেওয়া হয়েছিল। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। এই মর্মান্তিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষাঙ্গনে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy