সোনা পাপ্পু কাণ্ডে এবার ডিসিপি শান্তনুকে তলব! নজরে ছেলেও, পুলিশকর্তার বাড়িতে ম্যারাথন তল্লাশির পর বড় পদক্ষেপ ইডির

দক্ষিণ বাংলার কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পু এবং প্রোমোটার জয় কামদার সংশ্লিষ্ট ১১০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় তদন্তের জাল আরও গুটিয়ে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার সরাসরি তলব করা হলো কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (Special Branch) শান্তনু সিনহা বিশ্বাসকে। তবে একা শান্তনু নন, ইডির স্ক্যানারে রয়েছেন তাঁর ছেলেও। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের সশরীরে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ম্যারাথন তল্লাশির পর তলব গত রবিবারই বালিগঞ্জের ফার্ন রোডে শান্তনু সিনহা বিশ্বাসের ফ্ল্যাট সহ তাঁর একাধিক ঠিকানায় হানা দিয়েছিল ইডি। প্রায় ১২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। গোয়েন্দা সূত্রে খবর, শান্তনু যখন কালীঘাট থানার ওসি (OC) ছিলেন, সেই সময় থেকেই সোনা পাপ্পু ও ধৃত প্রোমোটার জয় কামদারের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। তল্লাশিতে উদ্ধার হওয়া ডিজিটাল নথি এবং মোবাইলের তথ্য যাচাই করার পরেই পিতা ও পুত্রকে তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর্থিক তছরুপের অভিযোগ ইডির নজরে রয়েছেন শান্তনুর ছেলেও। অভিযোগ উঠেছে, একটি ট্রাস্ট এবং কয়েকটি সংস্থার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা বিভিন্ন ভুয়ো বা ‘শেল’ কোম্পানিতে ট্রান্সফার করা হয়েছে। তদন্তকারীদের সন্দেহ, সোনা পাপ্পুর সিন্ডিকেটের কালো টাকা এই সব সংস্থার আড়ালে সাদা করা হয়েছে কি না। জয় কামদারের সঙ্গেও ওই যুবকের নিয়মিত যোগাযোগ এবং আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি করছে ইডি।

তদন্তের কেন্দ্রে ‘কালীঘাট যোগ’ শান্তনু সিনহা বিশ্বাস এক সময় কালীঘাট থানার অত্যন্ত প্রভাবশালী আধিকারিক ছিলেন। ইডির দাবি, সেই সময় দক্ষিণ কলকাতায় সোনা পাপ্পুর জমি দখল, বেআইনি নির্মাণ এবং তোলাবাজির যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, তাতে প্রশাসনের একাংশের মদত ছিল। জয় কামদারকে জেরা করে এবং বাজেয়াপ্ত হওয়া নথিতে শান্তনুর পরিবারের সঙ্গে সরাসরি আর্থিক লেনদেনের বেশ কিছু ‘সন্দেহজনক’ ইঙ্গিত পাওয়া গিয়েছে।

রাজনৈতিক মহলে তোলপাড় ভোটের মুখে কলকাতা পুলিশের একজন পদস্থ আধিকারিককে এভাবে তলব করায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে। কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। এখন দেখার, ইডির জেরায় শান্তনু সিনহা বিশ্বাস এবং তাঁর পুত্র এই বিপুল আর্থিক লেনদেন নিয়ে কী ব্যাখ্যা দেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy