‘সুপারি কিলার’ পাঠিয়েছে বিজেপি! মন্ত্রীর বাড়িতে ED হানায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মান

পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকার ও কেন্দ্রের বিজেপির মধ্যে সংঘাত এক চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার পাঞ্জাবের শিল্পমন্ত্রী ও বিধায়ক সঞ্জীব অরোরার বাসভবনে ইডি-র (Enforcement Directorate) পুনরায় তল্লাশিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে লক্ষ্য করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন।

মান বলেন, এক বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার সঞ্জীব অরোরার বাড়িতে ইডি হানা দিল, যার মধ্যে গত এক মাসেই দুবার। তিনি দাবি করেন, এতবার তল্লাশি সত্ত্বেও কেন্দ্রীয় সংস্থা কিছুই খুঁজে পায়নি। এক্স (X) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “পাঞ্জাব গুরুদের পবিত্র ভূমি, যাকে খোদ আরঙ্গজেবও নিজের বশে আনতে পারেনি। এটি ভগত সিংয়ের মাটি যারা কখনও মাথা নত করেনি, তাই মোদীর কৌশলের কাছে পাঞ্জাব হার মানবে না।” তিনি আরও যোগ করেন যে, ইডি-বিজেপির এই “অনৈতিক জোটের” পতন পাঞ্জাব থেকেই শুরু হবে।

অন্যদিকে, আপ নেতা সঞ্জয় সিং ইডি-কে বিজেপির “সুপারি কিলার” বলে অভিহিত করে আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই অভিযান চালানো হচ্ছে। কয়েকদিন ভুয়া খবর ছড়িয়ে এজেন্সি আবার ফিরে যাবে, কোনো ফল মিলবে না। পাঞ্জাবের মান সরকারকে বদনাম করতেই এই ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy