গরমের ছুটির সাঁতার প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়ে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির এক ছাত্র। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে আসানসোল দক্ষিণ থানা এলাকার একটি স্বনামধন্য বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে। মৃত ছাত্রের নাম অদ্রিক হিলারিয়ান। সে স্থানীয় লোয়ার চেলিডাঙা এলাকার বাসিন্দা ছিল।
কীভাবে ঘটল ঘটনা? স্থানীয় সূত্রে খবর, গত ২১ মে থেকে স্কুলটিতে গরমের ছুটির বিশেষ সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। প্রতিদিন সকাল ৭টা থেকে বিভিন্ন শিফটে এই প্রশিক্ষণ চলছিল। প্রতিদিনের মতো এদিন সকালেও অদ্রিক সাঁতার শিখতে স্কুলে যায়। আচমকাই সুইমিং পুলে সে তলিয়ে যায় বলে অভিযোগ। যদিও ঠিক কীভাবে এবং কার উপস্থিতিতে সে জলে ডুবল, তা এখনও স্পষ্ট নয়। এরপর প্রশিক্ষক ও অন্যান্যরা তাকে উদ্ধার করে দ্রুত আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
তদন্তে পুলিশ: ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ হাসপাতালে পৌঁছায় এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশের পক্ষ থেকে স্কুল চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। প্রশিক্ষণের সময় কোনো গাফিলতি ছিল কি না বা ঠিক কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া: এই ঘটনায় শোকস্তব্ধ স্কুল কর্তৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক রবি ভিক্টর বলেন, “এটি অত্যন্ত শোকের মুহূর্ত। সামার ক্যাম্প চলছিল, তার মধ্যেই এমন একটি ঘটনা ঘটে গেল। আমি শোকসন্তপ্ত পরিবারের পাশে আছি এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।”
অভিভাবকদের উদ্বেগ: স্কুলে সাঁতারের মতো প্রশিক্ষণের সময় কেন পর্যাপ্ত নজরদারি ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য অভিভাবকরা। যথাযথ নিরাপত্তার অভাব ও গাফিলতির অভিযোগ তুলে তাঁরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। এই ঘটনার জেরে এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও দানা বেঁধেছে।





