সীমান্তে কাঁটাতার বসাচ্ছেন শুভেন্দু! ‘ভয় পাই না’ বলে পালটা চরম হুঁশিয়ারি বাংলাদেশের

পশ্চিমবঙ্গ সরকারের মসনদে বসেই সীমান্ত সুরক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফ-কে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মাত্র ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের কথা ঘোষণা করেছেন তিনি। আর এই ঘোষণা ঘিরেই এবার জলঘোলা শুরু হয়েছে আন্তর্জাতিক মহলে। শুভেন্দুর এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে বাংলাদেশ। ঢাকার সাফ বার্তা— ‘কাঁটাতারকে ভয় পায় না বাংলাদেশ’, তবে সীমান্তে হত্যাকাণ্ড চললে তারা কোনোভাবেই চুপ থাকবে না।

কাঁটাতার বনাম মানবিক দৃষ্টিভঙ্গি সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা এম হুমায়ুন কবীর এই ইস্যুতে ভারতের প্রতিবেশী দেশটির অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে ভারতকে ‘আরও মানবিক দৃষ্টিভঙ্গি’ গ্রহণ করতে হবে। তাঁর দাবি, সীমান্তে কাঁটাতারের চেয়েও বড় সমস্যা হলো সীমান্ত হত্যা। হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, “জাতীয় স্বার্থ রক্ষার প্রয়োজনে যেখানে কথা বলা দরকার, আমরা সোচ্চার হব। সীমান্তে হত্যা চলতে থাকলে ঢাকা নীরব দর্শক হয়ে থাকবে না।”

রাজ্য রাজনীতি বনাম বিদেশ নীতি শুভেন্দু অধিকারীর এই সক্রিয়তাকে সরাসরি ‘নির্বাচনী বাগাড়ম্বর’ বলে কটাক্ষ করেছে ঢাকা। হুমায়ুন কবীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোকে শেষ পর্যন্ত সরকারি নীতিতে পরিণত করে কি না, সেদিকে কড়া নজর রাখছে বাংলাদেশ। তিনি আরও স্পষ্ট করে দিয়েছেন যে, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে, কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনীতির সঙ্গে নয়। তাঁর কথায়, “আমরা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে জড়াতে চাই না। দিল্লির সঙ্গে আমাদের গঠনমূলক সম্পর্ক রয়েছে।”

অমীমাংসিত ইস্যু ও ভবিষ্যতের পথ তবে উত্তেজনার মধ্যেই আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়েছেন হুমায়ুন কবীর। তিনি জানান, বিদ্যমান প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ। দুই দেশের শীর্ষ নেতৃত্বই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই গরু পাচার রোধ ও সীমান্ত সুরক্ষায় যে অনড় মনোভাব দেখিয়েছেন, তার রেশ এবার পৌঁছে গেল ওপার বাংলাতেও। এখন দেখার, নবান্ন ও ঢাকার এই চাপানউতোর দিল্লির বিদেশ মন্ত্রক কীভাবে সামাল দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy