লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের গুয়াহাটির এক জনসভা থেকে শাহের অভিযোগ, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তিকে বারবার কালিমালিপ্ত করার চেষ্টা করছেন কংগ্রেসের ‘যুবরাজ’।
সংসদ ভবনের সিঁড়িতে বসে রাহুল গান্ধীর প্রতিবাদকে কেন্দ্র করে কড়া সমালোচনা করেন শাহ। তিনি বলেন, “সংসদ আমাদের গণতন্ত্রের মন্দির। সেখানে সিঁড়িতে বসে চা আর পাকোড়া খাচ্ছেন রাহুল গান্ধী! তিনি কি জানেন না ব্রেকফাস্টি করার সঠিক জায়গা কোনটি? প্রতিবাদের নামে এই ধরনের নাটক করে বিশ্বজুড়ে ভারতের বদনাম করা হচ্ছে।” বিজেপি বিরোধিতার নামে ভারত বিরোধিতা! স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, নরেন্দ্র মোদী এবং বিজেপিকে আক্রমণ করতে গিয়ে রাহুল গান্ধী এখন অন্ধের মতো ভারতেরই বিরোধিতা শুরু করেছেন। শাহের বক্তব্য অনুযায়ী, রাহুল সংসদে সুস্থ বিতর্কে অংশ না নিয়ে বাইরে নাটক করতেই বেশি পছন্দ করেন। সরকারের বিরোধিতা করার গণতান্ত্রিক অধিকার সবার আছে, কিন্তু সেটা সংসদে না বলে রাজপথে অপ্রাসঙ্গিক আচরণ করা গণতন্ত্রের জন্য অশনি সংকেত।
AI সম্মেলন ও ‘অর্ধনগ্ন’ প্রতিবাদ প্রসঙ্গ: সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হওয়া মেগা এআই (AI) সম্মেলনের সাফল্যের খতিয়ান তুলে ধরে শাহ জানান, প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ৮০টি দেশের সিইও এবং ২২টি দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত ছিলেন। ভারতের প্রযুক্তিগত সাফল্যের জয়জয়কারের মাঝেও কংগ্রেস বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে বলে তাঁর অভিযোগ।
শাহ আরও দাবি করেন, সম্মেলনের সময় একদল বিক্ষোভকারী অর্ধনগ্ন হয়ে প্রতিবাদ জানালে রাহুল গান্ধী তাদের ‘বাব্বর শের’ বলে সম্বোধন করে সমর্থন জানিয়েছিলেন। শাহ বলেন, “দেশের ভাবমূর্তি যারা নষ্ট করে, তারা কখনও সিংহ হতে পারে না। বিশ্ব যখন ভারতের শক্তি দেখছে, তখন এই ধরনের আচরণ যুবসমাজের সম্ভাবনাকে আড়াল করে দেয়।”