শেষ রক্ষা হলো না! ১৫ সঙ্গীসহ আত্মসমর্পণ শীর্ষ নকশাল নেতার? মাওবাদী দুর্গে বড় ধস!

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দেওয়া ডেডলাইনের আগেই মাওবাদী শিবিরে বড়সড় ধস। সূত্রের খবর, দীর্ঘ টালবাহানার পর অবশেষে আত্মসমর্পণ করেছেন দক্ষিণ ভারতের মাওবাদী আন্দোলনের অন্যতম প্রধান মুখ তথা CPI (Maoist)-এর সাধারণ সম্পাদক টিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি। তেলঙ্গানার মুলুগু জেলায় ১৫-১৬ জন সশস্ত্র ক্যাডারসহ তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

২৫ লক্ষ টাকার মাথার দাম! কে এই দেবজি? তেলঙ্গানার করিমনগর জেলার বাসিন্দা দেবজি ছিলেন নিরাপত্তা বাহিনীর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকার প্রথম সারিতে। তাঁর মাথার ওপর ২৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল সরকার। গত বছর মে মাসে শীর্ষ নেতা নম্বালা কেশব রাও ওরফে বাসভারাজু এনকাউন্টারে নিহত হওয়ার পর, মাত্র আট মাস আগেই দেবজিকে সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁর এই আকস্মিক আত্মসমর্পণ মাওবাদী সংগঠনের জন্য এক বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অপারেশন কাগার-এর প্রভাব? কেন্দ্রীয় সরকার ২০২৬ সালের মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী সন্ত্রাস সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। এই লক্ষ্যপূরণে দেশজুড়ে চলছে বিশেষ অভিযান ‘অপারেশন কাগার’। ওয়াকিবহাল মহলের মতে, নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযানের চাপ সহ্য করতে না পেরেই আত্মসমর্পণের পথ বেছে নিয়েছেন দেবজি ও তাঁর অনুগামীরা।

ভেঙে পড়ছে মাওবাদী কাঠামো: বিশেষজ্ঞদের মতে, যদি দেবজির আত্মসমর্পণের খবর সরকারিভাবে সিলমোহর পায়, তবে তা মাওবাদী আন্দোলনের কফিনে শেষ পেরেক হতে পারে। শীর্ষ নেতৃত্বের একের পর এক পতন এবং নিচুতলার কর্মীদের অস্ত্রত্যাগ প্রমাণ করছে যে, জঙ্গলের লড়াই এখন অস্তিত্ব সংকটে। ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের পর এবার তেলঙ্গানাতেও কোণঠাসা মাওবাদীরা।

এখন দেখার, তেলঙ্গানা পুলিশ কবে আনুষ্ঠানিকভাবে এই মেগা-সাকসেসের কথা ঘোষণা করে। দেবজির দেওয়া তথ্যের ভিত্তিতে মাওবাদীদের গোপন ডেরাগুলিতে আরও বড় অভিযানের সম্ভাবনা দেখছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy