রেকর্ড ভাঙার প্রহর গুনছেন ১৫-র বিস্ময়বালক! সচিনের সিংহাসন কি দখলের পথে?

আইপিএল ২০২৬-এর মরসুমটা ছিল কার্যত এক কিশোরের স্বপ্নের মতো। রাজস্থান রয়্যালসের জার্সিতে ব্যাট হাতে ঝড় তুলে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতে নিয়েছিলেন বৈভব সূর্যবংশী। সেই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং আসন্ন ২০২৬ এশিয়ান গেমসের জন্য ঘোষিত ভারতীয় দলে ডাক পেলেন মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ প্রতিভা।

সচিনের রেকর্ড ভাঙার হাতছানি: বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অভিষেককারীর রেকর্ডটি কিংবদন্তি সচিন তেন্ডুলকরের দখলে। ১৯৮৯ সালে ১৫ বছর ২০৫ দিন বয়সে সচিন টেস্টে অভিষেক করেছিলেন। বৈভব সূর্যবংশীর বর্তমান বয়স মাত্র ১৫ বছর ৭১ দিন। ফলে, সিরিজের প্রথম একাদশে সুযোগ পেলেই তিনি সচিনের দীর্ঘদিনের এই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন।

আইপিএলে রেকর্ড বই তছনছ: এবারের আইপিএলে বৈভব ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। টুর্নামেন্টে ৭৭৬ রান করার পাশাপাশি তিনি হাঁকিয়েছেন মোট ৭২টি ছক্কা। এর মাধ্যমেই তিনি ভেঙে দিয়েছেন ক্রিস গেইলের এক মরসুমে ৫৯টি ছক্কা মারার নজির। অল্প বয়সে লিস্ট এ এবং জুনিয়র ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পর, এবার আন্তর্জাতিক আঙিনায় নিজেকে প্রমাণের পালা।

ভারতীয় দল: জাতীয় নির্বাচকরা আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের জন্য যে শক্তিশালী দল ঘোষণা করেছেন, সেখানে অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তিলক বর্মা। দলে বৈভবের অন্তর্ভুক্তি ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াড: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং ও প্রিন্স যাদব।

এশিয়ান গেমসের জন্য টিম ইন্ডিয়া: শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক ভার্মা (সহ-অধিনায়ক), রবি বিষ্ণোই, অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি, জাসপ্রিত বুমরাহ, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, ঈশান কিষাণ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, শিবম দুবে, বৈভব সূর্যবংশী ও প্রিন্স যাদব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy