ভারতে সোনা মানেই আবেগ আর বিনিয়োগের সেরা ঠিকানা। কিন্তু কেন্দ্রের আমদানি শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের পর পাল্টে যাচ্ছে গয়নার বাজার। বিশেষজ্ঞরা বলছেন, সোনার আকাশছোঁয়া দামের কারণে নতুন গয়না কেনার চাহিদা অন্তত ১০-১৫ শতাংশ কমতে পারে। তবে এতেই সব শেষ নয়; শুরু হচ্ছে এক নতুন ট্রেন্ড— ‘গোল্ড এক্সচেঞ্জ’ বা সোনা বিনিময়।
হিসাব বলছে, ভারতীয় পরিবার ও মন্দিরে প্রায় ২৫,০০০ টন সোনা সঞ্চিত রয়েছে। ভীমা জুয়েলার্সের চেয়ারম্যান বি. গোবিন্দনের মতে, দাম বাড়ায় মানুষ এখন নতুন সোনা না কিনে পুরনো গয়না বদলে নতুন ডিজাইনের গয়না নিতে বেশি আগ্রহী হচ্ছেন। এমনকি নগদ টাকার প্রয়োজনে চড়া দামে সোনা বিক্রির প্রবণতাও বাড়ছে। বর্তমানে বড় রিটেইলারদের ব্যবসার প্রায় ৫০ শতাংশই আসছে এই বিনিময় মডেল থেকে।
তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সুরেন্দ্র মেহতা সতর্ক করেছেন যে, শুল্ক বাড়লে পাল্লা দিয়ে বাড়বে পাচার বা সোনা চোরাচালান। অন্যদিকে, সাশ্রয়ী বিকল্প হিসেবে ১৪ ক্যারেট বা ৯ ক্যারেটের গয়নার চাহিদা বাড়ছে। অনমোল জুয়েলার্সের ইশু দাতওয়ানি মনে করেন, এতে হিরের গয়নার চাহিদা হু হু করে বাড়বে, কারণ হিরেখচিত গয়নায় সোনার পরিমাণ কম থাকে, যা গ্রাহকের পকেটে টান দেবে না।





