“রান্না কি বন্ধ করে দেবে মানুষ?”-গ্যাসের দাম নিয়ে মোদী সরকারকে তুলোধোনা মমতার!

“গ্যাসের দামটা কমান, সাধারণ মানুষ খাবে কী?” মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতলার ধরনামঞ্চ থেকে এই ভাষাতেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্র সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাস ও পেট্রোলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়ে এদিন আন্তর্জাতিক পরিস্থিতির ‘অজুহাত’ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী।

৪০০ থেকে ১১০০— প্রশ্ন তুললেন মমতা এদিন ভাষণের শুরুতেই মনমোহন সিং জমানার প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি যতদূর জানি, মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। আজ ছোট গ্যাস ১,১০০ টাকা, আর বড় গ্যাস ২,১০০ টাকা! কতবার দাম বেড়েছে?” আন্তর্জাতিক বাজারের দোহাই দেওয়া নিয়ে মমতার কটাক্ষ, “রাশিয়া থেকে তেল আনবে… তেলের ওপর তেলকড়ি মাখাতে হবে না? সেই তেলকড়ি মাখবে কে? জনগণ!”

২৫ দিনের নিয়মে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী রান্নার গ্যাস বুকিংয়ের নতুন নিয়ম নিয়েও কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা। ২৫ দিনের আগে গ্যাস বুক করা যাবে না— এই নিয়মের সমালোচনা করে তিনি বলেন, “যদি কারও বাড়িতে গ্যাস ফুরিয়ে যায়, সে কি খাবে না? মাটির উনুনে রান্না করবে? কাঠ কোথায় পাবে?” তিনি পরামর্শ দেন, বিজ্ঞাপনে যে টাকা খরচ হচ্ছে, তা যদি ভর্তুকিতে (Subsidy) দেওয়া হতো, তবে অন্তত ১০ টাকা হলেও দাম কমত।

‘ভয়ঙ্কর সময় আসছে’ দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মমতা বলেন, “প্রচুর ঋণের বোঝা বাড়ছে। আগামিদিন কী হবে ভগবানই জানেন, ভয়ঙ্কর সময় আসছে।” এদিন ইডি-সিবিআই ইস্যুতেও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেন, কেন্দ্রীয় এজেন্সির ভয় দেখালে ২০২৬-এ মানুষ ‘বাইবাই’ করে দেবে।

ভোটার তালিকা ও আইনি জয় এদিনের ধরনামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ বাংলার জয়। তিনি অভিযোগ করেন, বিজেপি বিচারকদের ভুল বুঝিয়ে মামলা করিয়েছে। পাশাপাশি যাদের নাম ভোটার তালিকা (SIR ইস্যু) থেকে বাদ পড়েছে, তাদের আইনি সহায়তার জন্য ব্লক পর্যায়ের অফিসারদের সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে রান্নার গ্যাসের দাম এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ইস্যুটিকে হাতিয়ার করে তৃণমূল নেত্রী কার্যত যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন। সাধারণ মানুষের ‘রান্নাঘর’-এর সমস্যাকে রাজপথে এনে তিনি যে কেন্দ্রকে চাপে রাখলেন, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy