শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকায় দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ আছড়ে পড়ল রাজপথে। বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তত্ত্বাবধানে চলা বিতর্কিত টোল প্লাজাটি মঙ্গলবার রাতে একপ্রকার জোর করেই বন্ধ করে দিল বিজেপি নেতা ও কর্মীরা। এই আকস্মিক পদক্ষেপে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও, হাঁফ ছেড়ে বেঁচেছেন কয়েক হাজার ট্রাকচালক ও নিত্যযাত্রী।
ফুলবাড়ি বাইপাস এলাকায় এই টোল প্লাজাটি নিয়ে দীর্ঘকাল ধরেই বিতর্কের শেষ ছিল না। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ট্রাকচালকদের অভিযোগ ছিল, নিয়মের তোয়াক্কা না করেই এখানে ‘বেআইনি’ভাবে টাকা আদায় করা হচ্ছিল। বারংবার অভিযোগ জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সদর্থক ভূমিকা না নেওয়ায় এবার কোমর বেঁধে আসরে নামেন বিজেপি কর্মী-সমর্থকরা।
মঙ্গলবার রাতে বিজেপির এক বিশাল দল ওই এলাকায় পৌঁছে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, কোনো বৈধ নথি বা সরকারি নিয়ম ছাড়াই এই টোল প্লাজা থেকে টাকা তোলা হচ্ছিল। উত্তেজনার পারদ চড়তেই ব্যারিকেড সরিয়ে দেওয়া হয় এবং টোল আদায় পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালেও পরিস্থিতির চাপে তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে।
বিজেপির এই পদক্ষেপের পর ওই রুটে যাতায়াতকারী ট্রাকচালকদের মধ্যে খুশির হাওয়া দেখা গেছে। এক ট্রাকচালকের কথায়, “প্রতিদিন অকারণে আমাদের থেকে টাকা কেটে নেওয়া হতো। আজ এটা বন্ধ হওয়ায় বড় স্বস্তি পেলাম।” অন্যদিকে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষের পকেট কেটে বেআইনিভাবে টাকা তোলা আর বরদাস্ত করা হবে না।
এই ঘটনাকে কেন্দ্র করে এখন উত্তপ্ত শিলিগুড়ির রাজনীতি। রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসন এই ‘জোর করে’ টোল বন্ধের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেয় কি না, এখন সেটাই দেখার।





