পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যের সর্বত্র ব্লক লেভেল অফিসারদের (BLO) প্রশিক্ষণ পর্ব চলছে, যা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমেরেশন ফর্ম বিলি ও সংগ্রহ করবেন BLO-রা।
অফলাইনে ফর্ম পূরণের নিয়ম:
প্রত্যেক ভোটারকে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর-সহ দুটি এনুমেরেশন ফর্ম দেওয়া হবে। এই ফর্মে নিম্নলিখিত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে:
ব্যক্তিগত তথ্য: জন্মতারিখ, আধার নম্বর (ঐচ্ছিক) এবং মোবাইল নম্বর।
পারিবারিক তথ্য: পিতা-মাতা বা স্বামী/স্ত্রীর নাম ও এপিক নম্বর (যদি থাকে)।
ছবি: এক কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
ফর্ম পূরণের পর BLO নিজের স্বাক্ষর করে একটি কপি জমা নেবেন এবং অপর কপি ভোটারের কাছে থাকবে BLO-র সই-সহ। প্রয়োজনে BLO একাধিকবার ভোটারের বাড়িতে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারবেন।
বিশেষ যাচাই প্রক্রিয়া (২০০২ তালিকা):
যদি কারও বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থেকে থাকে, তাহলে সেই তথ্য BLO-এর মাধ্যমে যাচাই করা যাবে। নির্বাচন কমিশনের বিশেষ অ্যাপের মাধ্যমে BLO-দের জন্য ২০০২ সালের তালিকা দেখা সম্ভব হবে।
যদি ২০০২ সালের তালিকায় কোনও নাম না থাকে, তাহলে কমিশনের নির্ধারিত ১১টি প্রমাণপত্রের যেকোনোও একটি জমা দিতে হবে।
অনলাইনে ফর্ম পূরণের প্রক্রিয়া:
যাঁরা ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে রাজ্যের বাইরে থাকবেন, তাঁরা CEO West Bengal-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনেও এনুমেরেশন ফর্ম পূরণ করতে পারবেন।
প্রক্রিয়া: ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এপিক নম্বর দিয়ে তথ্য ফেচ করানোর পর স্ক্যান করা পাসপোর্ট সাইজ ছবি ও সইয়ের স্ক্যান কপি আপলোড করতে হবে। অফলাইন ফর্মে থাকা সব তথ্য অনলাইনে পূরণ করে উপযুক্ত ডিক্লেরেশন অপশন সিলেক্ট করে ‘Submit’ করতে হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় কোনও বৈধ ভোটারের নাম মুছে ফেলার আশঙ্কা নেই। উদ্দেশ্য হলো, স্বচ্ছ, নির্ভুল ও অন্তর্ভুক্তিমূলক ভোটার তালিকা প্রস্তুত করা।





