রাজনীতিমুক্ত হবে এসএসসি-পিএসসি? মেধা তালিকায় স্বচ্ছতা ফেরাতে বড় পদক্ষেপ রাজ্যের!

রাজ্যে নিয়োগ ব্যবস্থা থেকে দুর্নীতির কলঙ্ক মুছতে এবং স্বচ্ছতা বজায় রাখতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে বর্তমান সরকার। রাজ্যের শিক্ষা ও নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ সংস্থা—যেমন স্কুল সার্ভিস কমিশন (এসএসসি), পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে পুরোপুরি রাজনীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দীর্ঘদিন ধরেই বিভিন্ন নিয়োগ সংস্থায় বোর্ড মেম্বার বা চেয়ারম্যান পদের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনে ডিপিএসসি চেয়ারম্যান নিয়োগ কিংবা এসএসসি ও কলেজ সার্ভিস কমিশনের মতো সংস্থায় দলীয় ব্যক্তিদের প্রাধান্য পাওয়ার বিষয়টি রাজ্যবাসীর কাছে দীর্ঘদিনের অভিযোগ ছিল। নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপের কারণেই মেধাবী প্রার্থীদের দীর্ঘ আইনি লড়াই এবং হতাশার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

এই পরিস্থিতি বদলাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, তিনি রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরকে ইতিমধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, এখন থেকে নিয়োগ সংস্থাগুলিতে কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিকে সদস্য বা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা যাবে না। যোগ্যতাকেন্দ্রিক এবং সম্পূর্ণ প্রশাসনিক স্বচ্ছতা বজায় রেখে এই সংস্থাগুলি পরিচালনা করাই নতুন সরকারের প্রধান লক্ষ্য।

পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে যেভাবে রাজ্যজুড়ে বিতর্ক হয়েছে এবং উচ্চ আদালতের তিরস্কার শুনতে হয়েছে প্রশাসনকে, সেই অতীত থেকে শিক্ষা নিয়ে এই নয়া নীতি কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন যে নিয়োগ প্রক্রিয়ায় আমূল বদল আনা হবে। মঙ্গলবারের এই বার্তা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে আগামী দিনে রাজ্যের নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি গতিশীল ও বিতর্কহীন হবে। কোনো রাজনৈতিক দলের অনুমোদন প্রাপ্ত ব্যক্তি নয়, বরং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ এবং নিরপেক্ষ ব্যক্তিরাই এই বোর্ডগুলোতে জায়গা পাবেন। এর ফলে নিয়োগ সংস্থাগলির বিশ্বাসযোগ্যতা বাড়বে এবং দীর্ঘকালীন অচলাবস্থা কাটিয়ে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে শিক্ষামহলে আশার আলো দেখছেন অনেকেই। এখন দেখার বিষয়, রাজনৈতিক প্রভাবমুক্ত এই কাঠামো বাস্তবায়নে প্রশাসন কত দ্রুত চূড়ান্ত রূপরেখা ঘোষণা করে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy