মোদীর ব্রিগেডের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ, মন্ত্রীর বাড়িতে হামলা, বনাম মাথা ফাটল BJP কর্মীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে পৌঁছনোর কয়েক ঘণ্টা আগেই উত্তপ্ত হয়ে উঠল তিলোত্তমা। উত্তর কলকাতার গিরিশপার্ক এলাকায় বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে বেঁধে গেল তুলকালাম লড়াই। দুই পক্ষের পাল্টাপাল্টি ইটের ঘায়ে জখম হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে, এলাকায় র‍্যাফ (RAF) নামাতে বাধ্য হয়েছে পুলিশ।

মন্ত্রীর বাড়িতে হামলা বনাম বিজেপি কর্মীর মাথা ফাটা
বিজেপির অভিযোগ, ব্রিগেডে যাওয়ার পথে অতর্কিতে তাদের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। গেরুয়া শিবিরের দাবি, তৃণমূলের ছোড়া ইটের আঘাতে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে এবং প্রায় ৩০-৪০ জন কর্মী আহত হয়েছেন।

পাল্টা বিস্ফোরক অভিযোগ এনেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তাঁর দাবি, বিজেপি সমর্থকরা মিছিল থেকে নেমে আচমকাই তাঁর বাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়তে শুরু করে। মন্ত্রীর কথায়, “বিজেপির গুণ্ডারা আক্রমণ চালিয়েছে। বাড়ির জানলার কাঁচ ভেঙে দিয়েছে, আমিও নিজেও আহত হয়েছি।” তৃণমূলের আরও দাবি, বিজেপির লোকেরা স্থানীয় ১৯ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের গায়েও হাত দিয়েছে।

আক্রান্ত পুলিশ, নামল বিশাল বাহিনী
দুই পক্ষের সংঘর্ষের মাঝে পড়ে আহত হয়েছেন খোদ পুলিশ অফিসারও। জানা গিয়েছে, বউবাজার থানার ওসির কাঁধে একটি ইট এসে লাগলে তিনি জখম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং বিশাল পুলিশ বাহিনী। গোটা এলাকা বর্তমানে পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে।

ব্রিগেড সভার ঠিক আগে কলকাতার প্রাণকেন্দ্রে এই সংঘর্ষ নির্বাচনী মরশুমে রাজনৈতিক উত্তাপকে কয়েক গুণ বাড়িয়ে দিল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy