অমেঠির মেদান মওয়াই গ্রামের পঞ্চায়েত ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম। আশ্চর্যজনকভাবে, একই এলাকার লোকসভা ও বিধানসভা ভোটার তালিকায় তাঁর নাম থাকলেও, পঞ্চায়েত তালিকায় তা দেখা যাচ্ছে না। ১০ জুন পঞ্চায়েত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরই এই ঘটনাটি প্রকাশ্যে আসে, যা স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।
২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর স্মৃতি ইরানি গৌরীগঞ্জ বিধানসভার অন্তর্গত মেদান মওয়াই গ্রামে নিজের বাসভবন তৈরি করেছিলেন। এমনকি বিগত লোকসভা নির্বাচনেও তিনি এই গ্রামের ভোটার হিসেবে ভোট দিয়েছিলেন। ঘটনার গুরুত্ব বিবেচনা করে অমেঠির জেলা ম্যাজিস্ট্রেট সঞ্জয় চৌহান ইতিমধ্যে একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
তদন্তের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট জানান, রিপোর্ট হাতে আসার পরেই বিষয়টি স্পষ্ট হবে যে কী কারণে তালিকা থেকে নাম বাদ গেল। অমেঠি জেলা বিজেপির সভাপতি সুধাংশু শুক্লা জানিয়েছেন, ইরানির নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য ইতিমধ্যে যথাযথ আবেদন জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্মকর্তারা দ্রুত যাচাই-বাছাইয়ের পর নাম যুক্ত করার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রে কংগ্রেস প্রার্থী কিশোরী লাল শর্মার কাছে পরাজিত হয়েছিলেন স্মৃতি ইরানি। আপাতত ঘটনার প্রকৃত কারণ জানতে অমেঠির রাজনৈতিক মহলে নজর রয়েছে সকলের।





