বেতনভোগী কর্মচারীদের জন্য পকেটের সাশ্রয় আর কর বাঁচানোর দারুণ হাতিয়ার হতে পারে সোডেক্সো (Sodexo), প্লাক্সি (Pluxee) বা জ্যাগলের (Zaggle) মতো মিল কার্ড। তবে ২০২৬-২৭ মূল্যায়ন বর্ষে আয়কর নিয়মে এসেছে এক বড়সড় বদল। যারা এতদিন এই সুবিধা শুধুমাত্র খাবার কেনার মাধ্যম ভাবতেন, তাদের জন্য এবার রয়েছে দ্বিগুণ খুশির খবর। তবে সামান্য অসতর্কতায় ইনকাম ট্যাক্স রিটার্ন (ITR) দাখিলের সময় পড়তে পারেন আইনি জটিলতায়।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬-২৭ করবর্ষ থেকে মিল কার্ডের সুবিধা এখন পুরোনো (Old) এবং নতুন (New) উভয় কর ব্যবস্থার অধীনেই পাওয়া যাবে। সবচেয়ে বড় চমক হলো ছাড়ের সীমায়। আগে যেখানে প্রতি বেলার খাবারে মাত্র ৫০ টাকা ছাড় মিলত, এখন তা বাড়িয়ে করা হয়েছে ২০০ টাকা। অর্থাৎ, কর্মক্ষেত্রে প্রতিদিনের খাবারের খরচে আপনি এখন আগের চেয়ে অনেক বেশি কর সাশ্রয় করতে পারবেন। হাঙ্গারবক্স-এর সিএফও রোহান মানধানিয়া জানিয়েছেন, এই সুবিধাটি করমুক্ত হলেও আইটিআর-এ একে ‘করমুক্ত পারকুইজিট’ হিসেবে সঠিকভাবে দেখানো বাধ্যতামূলক।
মনে রাখবেন, মিল কার্ডের সুবিধা নিতে গেলে আপনার ফর্ম ১৬ (Form 16) অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা করা জরুরি। অনেক সময় মিল কার্ডের পরিমাণ আলাদাভাবে থাকে না, বরং তা পারকুইজিটের অন্তর্ভুক্ত থাকে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, যদি কার্ডের মূল্য নির্ধারিত সীমা অতিক্রম করে, তবে অতিরিক্ত অর্থ করযোগ্য বেতনের সঙ্গে যোগ হবে। তাই ITR-এর Schedule S-এর Section 17(2)-এর অধীনে সঠিক তথ্য প্রদান নিশ্চিত করুন। তথ্যে গরমিল থাকলে আয়কর দফতর থেকে নোটিশ আসার ঝুঁকি থাকে। তাই নিয়ম বুঝে সঠিকভাবে বিনিয়োগ করলেই মিল কার্ড আপনার জন্য প্রকৃত অর্থ সাশ্রয়কারী হয়ে উঠবে।





