ভোটের ময়দানে প্রচারের পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়। সোমবার বিকেলে ময়নাগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় জনসংযোগ সারার সময় এই অঘটন ঘটে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, একটি ওষুধের দোকানে ঢোকার সময় বারান্দার নিচু টিনের চালে সজোরে ধাক্কা লাগে তাঁর মাথায়।
ধাক্কার চোটে প্রার্থীর কপাল ফেটে গভীর ক্ষত তৈরি হয় এবং মুহূর্তের মধ্যে এলাকা রক্তে ভেসে যায়। দলীয় কর্মীরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর প্রাথমিক চিকিৎসা ও ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে। বিজেপি জেলা কমিটির সদস্য চঞ্চল সরকার জানান, প্রচারের একদম শেষ পর্যায়ে একটি দোকানে ঢোকার সময় অসাবধানতাবশত এই চোট লাগে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী কয়েকদিন ডালিম রায়কে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফলে আপাতত তাঁর নির্বাচনী প্রচার স্থগিত রাখা হয়েছে। ভোটের মুখে প্রার্থীর এই আকস্মিক দুর্ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বিজেপি কর্মীরা। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার উন্নতি হলেই ফের ময়দানে নামবেন তিনি।





