‘ভাতার লাইনে শিক্ষিতদের ভিড়, কর্মসংস্থান কোথায়?’ যুবসাথী প্রকল্প নিয়ে মমতাকে তোপ দিলীপের

রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প নিয়ে সুর চড়ালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শিক্ষিত যুবক-যুবতীদের জন্য মাসিক ১৫০০ টাকা ভাতার এই ঘোষণাকে তীব্র আক্রমণ করে তিনি একে ‘ভোটের ললিপপ’ বলে কটাক্ষ করেছেন। দিলীপ ঘোষের সাফ কথা, “রাজ্য সরকার কর্মসংস্থান দিতে ব্যর্থ, তাই এখন ভাতার লাইনে শিক্ষিত যুবসমাজকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। ১৫০০ টাকায় কি সংসার চলে?”

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেবল ভাতা নয়, তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়েও মুখ খোলেন দিলীপ। মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে জল্পনা প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “হুমায়ুন কবীর কি এখন দলে কোণঠাসা?” তাঁর দাবি, তৃণমূলের অন্দরে এখন পুরনো ও যোগ্য নেতাদের জায়গা নেই, তাই অনেকেই হাঁপিয়ে উঠছেন।

ভোটের মুখে রাজ্য সরকারের এই ‘বেকার ভাতা’ প্রদানের সময়সীমা এগিয়ে আনা নিয়ে দিলীপ বলেন, “সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে সরকার। কিন্তু বাংলার শিক্ষিত সমাজ এখন কাজ চায়, দান খয়রাত নয়।” বিধানসভা ভোটের রণদামামা বাজার ঠিক আগেই দিলীপ ঘোষের এই আক্রমণ রাজনৈতিক মহলে নতুন মাত্রা যোগ করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy