লোকসভা নির্বাচনের পারদ চড়তেই এবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে সরাসরি ওপেন চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। শনিবার ফলতায় দলীয় প্রার্থীর সমর্থনে এক হাইভোল্টেজ নির্বাচনী প্রচার সভায় যোগ দেন তিনি। সেখান থেকেই তৃণমূল নেতা জাহাঙ্গির খান এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন তিনি।
তৃণমূল নেতা জাহাঙ্গির খানের গড় হিসেবে পরিচিত ফলতায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তাঁকে ‘পুষ্পা ডাকাত’ বলে কটাক্ষ করেন। প্রকাশ্য সভা থেকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাধারণ নির্বাচনের সময় যত অভিযোগ জমা পড়েছে, তার সবকটির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “কোনো গুন্ডামি করতে দেওয়া হবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, কারও বাড়িতে সাদা থান ফেলতে দেব না।”
এখানেই শেষ নয়, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “মানবাধিকার কমিশন যে ১৯ জনকে নটোরিয়াস ক্রিমিনাল বা কুখ্যাত অপরাধী হিসেবে ঘোষণা করেছিল, তার মধ্যে ভাইপোর জাহাঙ্গিরও ছিল। ওর ব্যবস্থা আমি করব, সেই দায়িত্ব আমি নিয়ে গেলাম।”
জাহাঙ্গির খানের পাশাপাশি ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তীব্র নিশানা করেন শুভেন্দু। কলকাতার বুকে অভিষেকের একাধিক সম্পত্তি রয়েছে দাবি করে তিনি বলেন, “মাননীয় ভাইপোবাবু, কালই পুরসভা থেকে তথ্য আনিয়েছি। কলকাতায় আপনার ২৪টি সম্পত্তি রয়েছে।” এই বিষয়ে পুলিশকেও কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।
দীর্ঘদিন পর ডায়মন্ড হারবারের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারছেন দাবি করে শুভেন্দু বলেন, গত ১০ বছর ধরে এখানকার মানুষ ভয়ে ভোট দিতে যেতে পারতেন না, এবার পরিস্থিতি বদলেছে। আগামী ২১ মে ডায়মন্ড হারবারের সমস্ত ভোটারদের কোনো ভয় না পেয়ে, নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আবেদন জানান তিনি।





