সাতসকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আতঙ্ক। ইস্তানবুল থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে অবতরণের ঠিক পরেই দাউদাউ করে আগুন লেগে যায়। বিমানের চাকায় আগুন দেখে মুহূর্তের মধ্যে বিমানবন্দরে হাহাকার পড়ে যায়। অল্পের জন্য নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন ৪ শিশুসহ ২৭৭ জন যাত্রী।
ভয়াবহ সেই মুহূর্ত ঘড়িতে তখন সকাল পৌনে সাতটা। টার্কিশ এয়ারলাইন্সের ‘টিকে ৭২৬’ (TK 726) বিমানটি রানওয়েতে ল্যান্ড করার ঠিক পরেই লক্ষ্য করা যায়, সেটির পেছনের চাকায় আগুনের শিখা জ্বলছে। কয়েক মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিমানে উপস্থিত যাত্রীদের মধ্যে কান্নাকাটি ও আতঙ্কের সৃষ্টি হয়।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ বিপত্তি নজরে আসতেই দেরি করেনি এয়ারপোর্ট অথরিটি। নেপাল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে জানানো হয়েছে, রানওয়েতে আগে থেকেই মোতায়েন থাকা দমকল বাহিনী দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। একই সঙ্গে বিমানের ‘এমার্জেন্সি এক্সিট’ বা জরুরি দরজাগুলি খুলে দেওয়া হয়। সেখান দিয়েই হুড়মুড়িয়ে যাত্রীদের বাইরে বের করে আনা হয়। ইনফরমেশন অফিসার জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, ২৭৭ জন যাত্রীর সকলেই সুরক্ষিত আছেন। তবে উদ্ধারকার্যের সময় হুড়োহুড়িতে কয়েকজন যাত্রী সামান্য চোট পেয়েছেন।
বিমানে মৃতদেহ ঘিরে রহস্য উদ্ধারকাজ চলাকালীন বিমানে থাকা প্রচুর পরিমাণে লাগেজের পাশাপাশি একটি মৃতদেহ উদ্ধার হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি ওঠে। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদেহটি বিমানে করেই আনা হচ্ছিল, এবং এর সঙ্গে এই দুর্ঘটনার সরাসরি কোনও সম্পর্ক নেই। বর্তমানে উদ্ধার হওয়া সব যাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
বিপর্যস্ত বিমান পরিষেবা এই দুর্ঘটনার জেরে রানওয়ের ওপরই দাঁড়িয়ে পড়ে টার্কিশ এয়ারলাইন্সের বিমানটি। এর ফলে কাঠমান্ডু বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। দিল্লি থেকে যাওয়া এয়ার ইন্ডিয়ার (AI 215) ফ্লাইটসহ শারজা, দুবাই, ভুটান এবং কুয়ালালামপুর থেকে আসা একাধিক বিমান আকাশেই চক্কর কাটতে থাকে। রানওয়ে পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনও বিমানই অবতরণ করতে পারেনি।
নেপাল সরকারের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ল্যান্ডিং গিয়ারParameters বা ঘর্ষণের ফলে এই অগ্নিকাণ্ড, তা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। আপাতত বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।





