বর্তমান যুগে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ বা এআই ছাড়া পথ চলা প্রায় অসম্ভব। সেই আধুনিক প্রযুক্তিকে ব্যবসায়িক উন্নতির হাতিয়ার হিসেবে কীভাবে কাজে লাগানো যায়, তা শেখাতেই কলকাতায় অনুষ্ঠিত হলো ‘আরএমবি কানেক্ট ২০২৬’। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৯১-এর উদ্যোগে আয়োজিত এই কনক্লেভে তিন ঘণ্টার এক ম্যারাথন ‘এআই বিজনেস মাস্টারক্লাস’ অনুষ্ঠিত হয়।
বিখ্যাত উদ্যোক্তা ও লেখক অমিত যাদব এই মাস্টারক্লাসে দেখান কীভাবে এআই টুলের মাধ্যমে নিজের ব্যবসাকে বড় করা সম্ভব। অনুষ্ঠানের চেয়ারম্যান কৌশিক সেন জানান, “বিশ্বজুড়ে এআই নিয়ে কাজ এগোলেও আমাদের দেশে এখনও দ্বিধা রয়েছে। তাই এই ক্লাসে নিখরচায় ব্যবহারযোগ্য এআই টুলস সম্পর্কে ব্যবসায়ীদের ধারণা দেওয়া হয়েছে।”
প্রযুক্তির কচকচানির পর সন্ধ্যা নামে সুর ও তালের ছোঁয়ায়। চেন্নাইয়ের প্রখ্যাত নৃত্যশিল্পী কোটেশ্বরী এম. কন্ননের অসাধারণ নৃত্যশৈলী অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে। বিজ্ঞান ও শিল্পের এই মেলবন্ধন কলকাতার এই উদ্যোগকে সফল করে তুলেছে।





