ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সৌজন্যে সারা বিশ্ব চিনেছে তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স আগেই শিরোনামে এসেছিল, মাত্র ১২ বছর বয়সেই রঞ্জি ট্রফিতে খেলে তিনি নজর কাড়েন। গত আইপিএলে তাঁর বিধ্বংসী খেলা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে তাঁকে। রাজস্থান রয়্যালসের এই তরুণ ব্যাটার আইপিএল খেলার ক্ষেত্রে সর্বকনিষ্ঠ নজির গড়েন। এখানেই শেষ নয়, মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে কনিষ্ঠতম সেঞ্চুরিয়ান এবং ভারতীয়দের মধ্যে দ্রুততম সেঞ্চুরিরও রেকর্ড গড়েন তিনি। বর্তমানে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে রয়েছেন বৈভব সূর্যবংশী। তাঁর এই বিধ্বংসী ব্যাটিংয়ের পাঁচটি রহস্য তুলে ধরলেন কিংবদন্তি ক্রিকেটার এবং কোচ কুমার সঙ্গাকারা।
ইংল্যান্ডের মাটিতে যুব ওয়ানডে সিরিজ জিতেছে ভারত, যেখানে বৈভব দুর্দান্ত খেলেছেন। যুব টেস্টের প্রথমটিতেও তিনি হাফসেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় যুব টেস্ট চলছে, যেখানে প্রথম ইনিংসে শুরুটা ভালো হলেও বড় ইনিংস আসেনি। তিনি ১৪ বলে ২০ রান করে ফেরেন, যার মধ্যে একটি বাউন্ডারি এবং দুটি ছয় ছিল। কতটা বিধ্বংসী শুরু করেছিলেন, এর থেকেই তা বোঝা যায়। বৈভব রাজস্থান রয়্যালসে খেলেন এবং সেই দলের কোচিং টিমের গুরুত্বপূর্ণ অংশ শ্রীলঙ্কার প্রাক্তন কিপার-ব্যাটার সঙ্গাকারা। ফলে তিনি খুব কাছ থেকে বৈভবকে দেখেছেন।
স্কাইস্পোর্টসে একটি সাক্ষাৎকারে সঙ্গাকারা বৈভবের ব্যাটিংয়ের পাঁচটি রহস্য জানান:
১. টাইমিংয়ের দক্ষতা: বৈভব অনেক সময় নিয়ে শট খেলে, যে কারণে সঠিক সময়ে বলে হিট করতে পারে। তাঁর ব্যাটিংয়ে এটি একটি বড় ইতিবাচক দিক। সে অতিরিক্ত তাড়াহুড়ো করে না।
২. দুর্দান্ত ব্যাট সুইং: বৈভবের ব্যাট সুইং অসাধারণ, যে কারণে সে জোরালো শট খেলতে পারে। তাঁর ব্যাট সুইং এবং টাইমিংয়ের কারণে বাউন্ডারি থেকে প্রচুর রান আসে।
৩. নিয়ন্ত্রিত ফুটওয়ার্ক: তাঁর ফুটওয়ার্ক বা পায়ের নড়াচড়া সামান্য। অপ্রয়োজনে মুভ করে না। যে কারণে শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারে এবং বলে ভালোভাবে ফোকাস করতে পারে।
৪. উচ্চ আত্মবিশ্বাস ও তাগিদ: বৈভবের এনার্জি লেভেল এবং তাগিদ খুবই ভালো। সে আত্মবিশ্বাসেও ভরপুর। শট খেলতে দ্বিধা করে না, যা টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সাহসী ব্যাটিংয়ের জন্য অত্যন্ত জরুরি।
৫. পাওয়ার জেনারেশন: সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাওয়ার জেনারেট করার ক্ষমতা। যেটা সে খুব ভালো পারে। তাঁর ব্যাট থেকে আসা শব্দ থেকেই বোঝা যায়, কতটা জোরালো শট খেলেছে।
এই পাঁচটি গুণের জন্যই কুমার সঙ্গাকারা বৈভবের ব্যাটিংকে ‘বিধ্বংসী’ বলে চিহ্নিত করেছেন। শ্রীলঙ্কার এই প্রাক্তন ক্রিকেটার মনে করেন, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের জন্য বৈভবের মতো তরুণ প্রতিভা খুবই ইতিবাচক দিক।
‘The rise of Vaibhav’ 🌟 Rajasthan Royals Director of Cricket Kumar Sangakkara on his first encounter with the rising star 🗣️ pic.twitter.com/uFPATITFTQ
— Sky Sports Cricket (@SkyCricket) July 20, 2025





