‘বেকার’ অজুহাতে সন্তানদের দায়িত্ব এড়ানো যাবে না! বাবার প্রতি কঠোর বম্বে হাইকোর্ট

“কাজ নেই” অথবা “আয় নেই”—এই অজুহাতে কোনো পিতাই তাঁর নাবালক সন্তানদের প্রতি আইনি ও নৈতিক দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন না। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মামলার প্রেক্ষিতে এমনই কঠোর ও যুগান্তকারী পর্যবেক্ষণ দিল বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আর্থিক অনটন বা কর্মহীনতা সন্তানদের লালন-পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার কোনো বৈধ কারণ হতে পারে না।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের বুলধানা জেলায়। ওই ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই সন্তান থেকে আলাদা থাকতেন। নিম্ন আদালত তাঁকে নির্দেশ দিয়েছিল যে, তাঁর ১০ বছর বয়সি ছেলে ও ৭ বছর বয়সি মেয়ের ভরণপোষণের জন্য প্রতি মাসে মোট ৮ হাজার টাকা (প্রতি সন্তানের জন্য ৪ হাজার টাকা করে) দিতে হবে। নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

হাইকোর্টে অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, তিনি বর্তমানে সম্পূর্ণ কর্মহীন। তাঁর উপার্জনের একমাত্র সম্বল ছিল একটি অটো-রিকশা, যা তিনি বিক্রি করে দিয়েছেন। এই আর্থিক পরিস্থিতির কারণে সন্তানদের খোরপোশ দেওয়া তাঁর পক্ষে অসম্ভব। তিনি দাবি করেন, কোনো আয় না থাকায় আদালতের ধার্য করা টাকা পরিশোধ করার সামর্থ্য তাঁর নেই।

কিন্তু বিচারপতি তাঁর এই যুক্তি ধোপে টেকেনি। বম্বে হাইকোর্ট অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, সন্তানদের বড় করে তোলা এবং তাদের পাশে দাঁড়ানো একজন বাবার আইনি ও ব্যক্তিগত—উভয় ধরনেরই প্রাথমিক কর্তব্য। আদালত মনে করিয়ে দেয়, ১০ এবং ৭ বছর বয়সি দুটি শিশুর ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং তাদের দৈনন্দিন প্রয়োজন মেটানো বাবার প্রধান দায়িত্ব। কর্মহীন হওয়া বা উপার্জনের অভাব কখনোই এই দায়িত্ব এড়ানোর সঠিক অজুহাত হতে পারে না।

আদালত এই মামলায় লক্ষ্য করেছে যে, ওই ব্যক্তি কেবল বর্তমান দায়িত্ব থেকেই পিছু হটছেন না, বরং এর আগেও আদালতের নির্দেশে ধার্য করা খোরপোশের টাকা তিনি পরিশোধ করেননি। আদালতের এই পর্যবেক্ষণে আবারও প্রতিষ্ঠিত হলো যে, সন্তানের প্রতি পিতার দায়বদ্ধতা আইনের চোখে কতটা অটল।

বিচারপতিদের মতে, একজন সুস্থ-সবল মানুষ হিসেবে পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়া তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বম্বে হাইকোর্ট ওই ব্যক্তির আবেদন খারিজ করে দেয় এবং অবিলম্বে বকেয়া খোরপোশসহ নিয়মিত মাসিক ভাতা প্রদানের নির্দেশ পুনর্বহাল রেখেছে। আইনজ্ঞদের মতে, এই রায় দেশের অন্য সব বাবার কাছে এক স্পষ্ট বার্তা—পারিবারিক দায়িত্ব পালনে অবহেলা সহ্য করা হবে না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy