“বিহারে ডিজে বাজালেই হবে জেল!”-কড়া পদক্ষেপের হুঁশিয়ারি নীতিশ সরকারের

বিহারে এবার বিয়ের আসরে ডিজে-র দাপট দেখালেই অপেক্ষা করছে হাজতবাস! শব্দদূষণ রুখতে এবং জনস্বাস্থ্যের খাতিরে রাজ্যে ডিজে (DJ) বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ করার ঘোষণা করল নীতীশ কুমার সরকার। বৃহস্পতিবার বিহার বিধানসভায় দাঁড়িয়ে পরিবহনমন্ত্রী শ্রবণ কুমার স্পষ্ট জানিয়ে দেন, আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যে সমস্ত অবৈধ ডিজে ট্রলি বন্ধ করে দেওয়া হবে।

হৃদরোগের ঝুঁকি ও শব্দদূষণ: বিধান পরিষদে বিষয়টি উত্থাপন করেন স্বতন্ত্র এমএলসি বংশীধর ব্রিজবাসি। তাঁর দাবি, উচ্চস্বরে ডিজে গান বাজানোর ফলে বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি বাড়ছে। একইসঙ্গে এটি ভয়াবহ শব্দদূষণ তৈরি করছে। এই আপত্তির পরেই সরকার কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেয়। বিশেষ করে নম্বর প্লেটহীন যানবাহনে যেভাবে ডিজে বক্স বসিয়ে দাপিয়ে বেড়ানো হয়, তা আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্যও হুমকিস্বরূপ বলে জানানো হয়েছে।

বিধানসভায় আরজেডি-বিজেপি তরজা: সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন আরজেডি (RJD) এমএলসি সুনীল সিং। তিনি ব্যঙ্গ করে বলেন, “বিয়েবাড়িতে যদি ডিজে না বাজে, তবে মনে হবে কেউ শ্মশানে যাচ্ছে!” একইসঙ্গে তিনি বিজেপি ও আরএসএস-এর দিকে আঙুল তুলে অভিযোগ করেন যে, দুর্গা পুজো বা রাম নবমীর সময় বিশাল বিশাল ডিজে-র মিছিল বের করা হয়। তিনি প্রশ্ন তোলেন, “যৌতুক ও মদের বিরুদ্ধেও তো আইন আছে, তা কি মানুষ মানে?”

মাংস বিক্রিতেও বিধিনিষেধ: উল্লেখ্য, ডিজে নিষিদ্ধ করার পাশাপাশি নীতীশ সরকার বিহারে প্রকাশ্যে মাংস বিক্রির ওপরও বিধিনিষেধ আরোপ করেছে। নগর উন্নয়ন ও আবাস বিভাগ ইতিমধ্যেই এই বিষয়ে গাইডলাইন জারি করেছে। মদের পর এবার ডিজে ও প্রকাশ্যে মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্তে বিহারের রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy