ভোটের মুখে বাংলার রাজনীতিতে এটম বোমা ফাটাল তৃণমূল কংগ্রেস। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বর্তমানে ‘আমজনতা উন্নয়ন পার্টি’-র প্রধান হুমায়ুন কবীরের এক ১৯ মিনিটের গোপন ভিডিও (যার সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম) সামনে এনে বিজেপি-যোগের মারাত্মক অভিযোগ তুলল রাজ্যের শাসক দল। তৃণমূলের দাবি, বিজেপিকে জেতাতে এবং তৃণমূলের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক কাটার বিনিময়ে ১০০০ কোটি টাকা দাবি করেছেন হুমায়ুন।
ভিডিওতে ঠিক কী আছে? তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে দেখানো ওই ভিডিওতে হুমায়ুন কবীরকে জনৈক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির সঙ্গে হিন্দিতে কথা বলতে শোনা গিয়েছে। আলোচনার মূল নির্যাসগুলি হলো:
১০০০ কোটির ডিল: ভিডিওতে প্রশ্নকর্তা জানতে চান লক্ষ্যপূরণে কত টাকা লাগবে? হুমায়ুন সরাসরি বলেন, “১০০০ পেলে লক্ষ্য পূরণ হবে।” প্রশ্নকর্তা পাল্টা “১০০০ কোটি?” জিজ্ঞাসা করলে তাতে সম্মতি দেন হুমায়ুন।
বিজেপিকে সমর্থনের আশ্বাস: হুমায়ুন দাবি করেছেন, তিনি লড়লে তৃণমূলের আসন ১০০-র নীচে নেমে যাবে এবং বিজেপি ১৩০-এর কাছাকাছি আসন পাবে। সেই পরিস্থিতিতে ত্রিশঙ্কু বিধানসভা হলে তিনি বিজেপিকেই সমর্থন করবেন।
ডাবল গেমের পরিকল্পনা: হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে, “প্রচারে আমি তৃণমূলের পাশাপাশি বিজেপিরও বিরোধিতা করব, নাহলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা থাকবে না। কিন্তু তলে তলে বিজেপিকেই সমর্থন দেব।”
তৃণমূলের তোপ তৃণমূলের দাবি, হুমায়ুন কবীর ও আসাদউদ্দিন ওয়াইসির মিম (AIMIM) জোট আসলে বিজেপির ‘বি-টিম’ হিসেবে কাজ করছে। সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দেওয়াই তাঁদের মূল লক্ষ্য, যা এই ১৯ মিনিটের ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে।
অস্বস্তিতে হুমায়ুন নতুন দল গড়ে দুশোর বেশি আসনে প্রার্থী দিয়ে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার হুঙ্কার দিয়েছিলেন হুমায়ুন কবীর। কিন্তু এই ভিডিও সামনে আসায় তাঁর ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। রাজনৈতিক মহলের মতে, মুর্শিদাবাদ ও মালদহের সংখ্যালঘু বলয়ে এই ভিডিওর প্রভাব তৃণমূলের পালে হাওয়া কাড়তে পারে।





