বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রিচা ঘোষের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দরে নামার পর তিনি সোজা শিলিগুড়ির সুভাষপল্লিতে রিচার বাড়িতে পৌঁছে যান। বিরোধী দলনেতা রিচার হাতে রূপো দিয়ে তৈরি ভারতের মানচিত্র-সহ একটি সোনার চেন এবং আরও একাধিক উপহার তুলে দেন।
‘রিচা সোনার মেয়ে, লক্ষ্মী মেয়েও বটে’
রিচা ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনার পর বাইরে এসে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন। রিচার আপ্যায়ন ও গুণের প্রশংসা করে তিনি বলেন, “ও শুধু সোনার মেয়ে নয়, ও লক্ষ্মী মেয়েও বটে। নানাবিধ কথা হয়েছে। ও শুধু খেলাধুলো নয়, সবই পারে। আপ্যায়নের ক্ষেত্রে রিচার যা ভূমিকা এবং ও রান্নাও পারে। কাজেই ও লক্ষ্মী মেয়েও বটে।” তিনি জানান, রিচার বাবার সঙ্গে তাঁর আগেই কথা হয়েছিল এবং রিচা সময় বের করার পরই তিনি দেখা করতে এসেছেন। তিনি রিচার জন্য গর্বিত বলেও জানান।
স্টেডিয়াম ও উত্তরবঙ্গ নিয়ে বিতর্ক:
রিচার নামে স্টেডিয়াম নির্মাণ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি কটাক্ষ করে বলেন, “করলে ভালো। এই সরকারের আয়ু তো বেশিদিন নেই। এই সরকার ক’টা স্টেডিয়াম বানিয়েছে, আমার অন্তত অভিজ্ঞতা নেই।”
উত্তরবঙ্গ প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকাকে একহাত নিয়ে তিনি অভিযোগ করেন, “উত্তরবঙ্গ কিছুই পায়নি। চা-বাগান এখানে সবথেকে বেশি বন্ধ হয়েছে। কাঠ থেকে বালি পাচার এখানে বেশি। মালদা থেকে কোচবিহার পর্যন্ত একটা ভালো হাসপাতাল নেই। হাসিমারায় বিমানবন্দরের জন্য জমি দেবে না রাজ্য সরকার। এইমসের জন্য জমি দেবে না। এই সরকারের ভূমিকা উত্তরবঙ্গের ক্ষেত্রে খুবই নেগেটিভ। মুখ্যমন্ত্রী কার্যত এখানে বেড়াতে আসেন।”
রাম মন্দির ও হিন্দু বিরোধী কটাক্ষ:
মহাকাল মন্দির নির্মাণকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা রাম মন্দির বানিয়েছি হিন্দুদের টাকায়। সরকারি টাকায় মন্দির হয় না। এইভাবে হিন্দু ধর্মকে অপব্যবহার করা যায় না।” তিনি অভিযোগ করেন, রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী ছিলেন, যিনি রাজনৈতিক কর্মসূচি রেখেছিলেন। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপ্রান্ত হিন্দু বিরোধী ও উত্তরবঙ্গ বিরোধী। আমরা ক্ষমতায় এলে উত্তরবঙ্গ উন্নয়নের অগ্রাধিকার পাবে।”
এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃত্ব।