বিলাসবহুল স্পোর্টস কারের দুনিয়ায় ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করল ফেরারি। দীর্ঘদিনের পেট্রোল-চালিত ইমেজের গণ্ডি পেরিয়ে কোম্পানিটি বাজারে আনল তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি ‘লুচে’ (Luce)। ইতালীয় শব্দ ‘লুচে’-র অর্থ আলো। ৫ আসনের এই গাড়িটির ডিজাইন তৈরিতে ফেরারি হাত মিলিয়েছে অ্যাপলের প্রাক্তন ডিজাইন প্রধান জনি আইভের সংস্থা ‘লাভফ্রম’-এর সঙ্গে। তবে লঞ্চের পরই মিলান ও নিউ ইয়র্ক স্টক মার্কেটে ফেরারির শেয়ার যথাক্রমে ৮ শতাংশ ও ৫ শতাংশের বেশি পড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
গাড়িটির দাম প্রায় ৬৪০,০০০ ডলার বা প্রায় ৫ কোটি টাকার বেশি। ০ থেকে ৯৬ কিলোমিটার গতি তুলতে এর সময় লাগে মাত্র ২.৫ সেকেন্ড। তবে এর ডিজাইন নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে দাবি করছেন, এই ডিজাইনের ফলে ফেরারি তাদের নিজস্ব স্বকীয়তা হারাচ্ছে এবং এটি ইউরোপীয় বিলাসবহুল গাড়ির পুরনো পরিচিতি থেকে সরে আসার ইঙ্গিত।
ল্যাম্বরগিনি বা পোর্শের মতো কোম্পানিগুলো যখন বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা স্থগিত রেখে হাইব্রিড মডেলের দিকে ঝুঁকছে, তখন ফেরারি ‘লুচে’ দিয়ে বড় বাজি ধরল। সিইও বেনেদেত্তো ভিনিয়া জানিয়েছেন, ৫ বছর ধরে নিজস্ব কারখানায় সব যন্ত্রাংশ তৈরি করে এই গাড়ি প্রস্তুত করা হয়েছে। ফেরারি আশ্বস্ত করেছে যে, ইলেকট্রিক হলেও তারা পেট্রোল ও হাইব্রিড গাড়ি উৎপাদন বন্ধ করবে না। এখন দেখার বিষয়, ডিজাইন বিতর্কের মাঝে ‘লুচে’ ফেরারির ইতিহাসে নতুন সাফল্যের অধ্যায় লিখতে পারে কি না।





