টলিউডের হিট মেশিন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবার নিয়ে আসছেন এক মিস্ট্রি ড্রামা— ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। আর এই ছবির হাত ধরেই দীর্ঘ ২৫ বছরের এক ‘অভিমান’ বা ‘অপেক্ষা’ ঘুচতে চলেছে। প্রথমবার উইন্ডোজ প্রোডাকশনের ফ্রেমে দেখা যাবে টলিউডের গ্ল্যামার কুইন রাইমা সেনকে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিতে রাইমা ও নবাগতা শ্যামৌপ্তি মুদলির নজরকাড়া লুক, যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে।
ভিন্টেজ লুকে রাইমার জাদু ছবির পোস্টারে রাইমাকে দেখা যাচ্ছে এক মার্জিত এবং রহস্যময়ী ‘ভিন্টেজ’ লুকে। সাবেকি সাজগোজ আর চোখের গভীরতায় তিনি যেন কোনো এক পুরনো সময়ের গল্প বয়ে নিয়ে আসছেন। ছবিতে তাঁর চরিত্রের নাম ‘অদিতি’। শিবপ্রসাদ-নন্দিতার সঙ্গে কাজ করা নিয়ে রাইমা বলেন, “২৫ বছর পর ওরা যখন আমাকে এই চরিত্রের জন্য যোগ্য ভাবল, আমি সত্যিই খুব খুশি হয়েছি। আগে ভাবতাম ওঁরা খুব কড়া নির্দেশক হবেন, কিন্তু নন্দিতাদি একদম মায়ের মতো যত্ন করেছেন আর শিবু খুব কুল।”
বিস্ময় যখন শ্যামৌপ্তি অন্যদিকে, ধারাবাহিকের জনপ্রিয় মুখ শ্যামৌপ্তি মুদলি এই ছবিতে এক বড় চ্যালেঞ্জ নিয়েছেন। ছবির টিজার ও একটি গানে দেখা গেছে, বয়সে অনেকটা বড় অর্জুন চক্রবর্তীর সঙ্গে এক অসম বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এই ‘শকিং’ লুক নিয়ে শ্যামৌপ্তি জানান, নন্দিতা-শিবপ্রসাদের পরিচালনায় কাজ করা তাঁর কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। ছবিতে তাঁর অভিনয় দেখে টলিউডের বর্ষীয়ান অভিনেতা রজতাভ দত্ত পর্যন্ত মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন।
রহস্যের বুনোট একটি বনেদি জমিদার বাড়ির অন্দরমহলের লুকানো সত্যি আর অমীমাংসিত রহস্য নিয়ে তৈরি হয়েছে ‘ফুল পিসি ও এডওয়ার্ড’। ছবিতে রাইমা এবং শ্যামৌপ্তি ছাড়াও রয়েছেন সোহিনী সেনগুপ্ত, সাহেব চ্যাটার্জি, অনন্যা চ্যাটার্জির মতো শক্তিশালী অভিনেতারা। রাইমার কথায়, “এই গল্পের চরিত্রগুলো স্মৃতি আর বাস্তবের মাঝামাঝি বাস করে, যা একইসঙ্গে সুন্দর আর ভুতুড়ে।”
আগামী ২৯ মে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই রহস্যময় চলচ্চিত্রটি। দুই প্রজন্মের দুই শক্তিশালী অভিনেত্রী কীভাবে এই জটিল ধাঁধার জট খোলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।





