“বিধায়কই হব ভাবিনি, সেখানে মন্ত্রী!”-শপথের পরেই আবেগঘন অভিজ্ঞতার কথা শোনালেন কলিতা

আউশগ্রামের পরিচারিকা থেকে একেবারে রাজ্যের মন্ত্রী—কলিতা মাজির এই অবিশ্বাস্য উত্থানের কাহিনী এখন রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোমবার রাজ্যের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন আউশগ্রামের বিজেপি বিধায়িকা কলিতা মাজি। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে রীতিমতো আপ্লুত তিনি।

কী বললেন নতুন মন্ত্রী? শপথ নেওয়ার পর লোকভবনে ক্যামেরা দেখেই উজ্জ্বল হাসিতে ফেটে পড়লেন কলিতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিধায়ক হব, সেটাই তো কখনও কল্পনা করিনি। সেখানে আজ রাজ্যের মন্ত্রী হলাম, এটা ভাবলেই অবাক লাগছে।” এখনও দপ্তর বণ্টন না হলেও মন্ত্রিত্বের গুরুদায়িত্ব সম্পর্কে তিনি সচেতন। তাঁর কথায়, “আগে শুধু আউশগ্রামের বিধায়ক হিসেবে এলাকার মানুষের কথা ভাবতাম। তবে এখন দায়িত্ব বেড়েছে, এবার গোটা পশ্চিমবঙ্গের মানুষের কথা মাথায় রেখে কাজ করতে হবে।”

রূপকথার মতো জীবন বদল পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভার বাসিন্দা কলিতা মাজি দীর্ঘকাল স্থানীয় বাড়িগুলোতে বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া ও কাপড় কাচার কাজ করে সংসার চালিয়েছেন। আউশগ্রাম (তপশিলি জাতি সংরক্ষিত আসন) থেকে জয়ী হয়ে বিধানসভায় পা রাখার পরই তাঁর এই নাটকীয় উত্থান। সমাজের অত্যন্ত সাধারণ স্তর থেকে উঠে এসে রাজ্যের মন্ত্রিসভায় স্থান পাওয়া কলিতার এই সফর অনেক সাধারণ মানুষের কাছেই এক বড় প্রেরণা।

উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার সম্প্রসারণে মোট ৩৫ জন নতুন মন্ত্রী শপথ নিয়েছেন। কলিতা মাজি ছাড়াও পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং অন্যান্য প্রতিমন্ত্রী হিসেবে অনেকে শপথ গ্রহণ করেছেন, যা শুভেন্দু মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যাকে ৪১-এ উন্নীত করল। এখন দেখার, দপ্তব বণ্টনের পর কলিতা মাজি তাঁর নতুন দায়িত্ব কীভাবে সামলান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy