বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন জীবনের ৮৩টি বসন্ত পার করে এক গভীর দর্শনের কথা শেয়ার করলেন। সম্প্রতি তাঁর ব্লগে জীবনের অস্তিত্ব ও প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি। যেখানে তিনি স্বীকার করেছেন যে, সারাজীবন উত্তর খুঁজলেও জীবনের আসল রহস্য আজও তাঁর কাছে অধরা।
নীরবতায় কাটানো একদিন বিগ বি জানিয়েছেন, সম্প্রতি তিনি পুরো একটি দিন সম্পূর্ণ নীরবতায় কাটিয়েছেন। নিজের সঙ্গে নিজে কথা বলা এবং পারিপার্শ্বিক বিষয় নিয়ে ভাবনার সেই অভিজ্ঞতা ছিল বেশ অন্যরকম। অমিতাভ লেখেন:
“পুরো একটা দিন চুপচাপ ভাবনায় কেটে গেল। উত্তর খুঁজছিলাম… কিছু জবাব পেলাম, কিন্তু বেশিরভাগই পেলাম না। আসলে জীবনের কোনো প্রশ্নেরই নির্দিষ্ট উত্তর হয় না।”
“খালি হাতে এসেছ, খালি হাতেই ফিরবে” জীবনের গন্তব্য সম্পর্কে অমিতাভ বচ্চন এক কঠোর বাস্তবকে তুলে ধরেছেন। দীর্ঘ ছ’দশকের বর্ণিল কেরিয়ার, অঢেল খ্যাতি আর জনপ্রিয়তার শিখরে দাঁড়িয়েও তিনি লিখেছেন, “তুমি খালি হাতে এসেছিলে… আর সেভাবেই ফিরে যাবে।” তাঁর মতে, মানুষ জীবনের ‘কেন’ এবং ‘কীভাবে’র রহস্য ভেদ করতে চায় ঠিকই, কিন্তু দিনশেষে সবটাই অস্পষ্ট থেকে যায়।
অলস দিনের অস্বস্তি কাজের প্রতি অমিতাভের নিষ্ঠা কিংবদন্তিতুল্য। এর আগে তিনি জানিয়েছিলেন, কাজের বাইরে একদিন ‘অলস’ বসে থাকলে তাঁর কেমন এক অজানা অস্বস্তি ও উদ্বেগ তৈরি হয়। শৃঙ্খলা ও প্রতিদিনের কাজের রুটিন থেকে বিরতি নেওয়া তাঁর কাছে একপ্রকার শাস্তির মতো।
কেরিয়ার আপডেট ৮৩ বছর বয়সেও অমিতাভ সমানে কাজ করে চলেছেন। সম্প্রতি জনপ্রিয় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজন শেষ করেছেন তিনি। সিনেমার পর্দায় শেষবার তাঁকে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে দুর্ধর্ষ এক চরিত্রে দেখা গিয়েছে।





