ঘাটাল ব্লকের ৫ নম্বর বীরসিংহ অঞ্চলের দন্দীপুর বুথের বিজেপি পঞ্চায়েত সদস্য শ্রীকান্ত কারকের একটি ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাকে কোমর সমান বন্যা জলে মদের আসর বসিয়ে রাজনৈতিক বার্তা দিতে দেখা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। (tips24.in বাংলা যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি)।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যা কবলিত এলাকায় কোমর সমান জলে দাঁড়িয়ে শ্রীকান্ত কারক মদের আসরে বসে বলছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান করছি আমরা! দেব মাস্টার প্ল্যান করবে বলে কথা রাখেনি, মাস্টার প্ল্যান হচ্ছে।” এরপর তাকে “মোদী জিন্দাবাদ” স্লোগান দিতেও দেখা যায়।
এই ভিডিও প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। ঘাটালের ব্লক তৃণমূল সভাপতি দিলিপ মাঝি এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, “মদ খেয়ে কী কী বলছে… এটা বিজেপির কালচার। ও জানে না। মূর্খের দল। কেন্দ্রীয় মন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যানে এক টাকাও দেবে না। মদ খেয়ে মাতলামো করছে।”
অন্যদিকে, ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এই ঘটনায় সাফাই দিয়েছেন। তিনি বলেন, “বিজেপির কোনো কর্মী এই ধরনের কথা বলেছে, আমি জানি না। আমার কাছে কোনো খবর আসেনি। যদি বাস্তবে এমন কিছু হয়, নেতৃত্বকে জানানো হবে।”
তবে, এই ঘটনায় মদের আসর বসানো বিজেপি নেতা শ্রীকান্ত কারকের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। বন্যা পরিস্থিতিতে একজন নির্বাচিত জনপ্রতিনিধির এমন আচরণ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই ঘটনা বিজেপির অস্বস্তি বাড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।





