বন্দে ভারত স্লিপার থেকে ইলেকট্রিক বোট: সিঙ্গুরে দাঁড়িয়ে মমতার বাংলায় একগুচ্ছ উপহার মোদীর, তোলপাড় রাজ্য রাজনীতি!

রবিরার বিকেলে বাংলার রাজনৈতিক ও উন্নয়নমূলক মানচিত্রে যোগ হল এক নতুন পালক। হুগলির সিঙ্গুরে দাঁড়িয়ে রাজ্যের রেল ও পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ডালি সাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৩০ কোটি টাকারও বেশি মূল্যের এই প্রকল্পগুলির উদ্বোধন করে প্রধানমন্ত্রী দাবি করেন, গত ১০০ বছরে যা দেখা যায়নি, পশ্চিমবঙ্গ গত ২৪ ঘণ্টায় সেই অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী থাকল।

বাংলার জন্য মোদীর ‘মাস্টারস্ট্রোক’: সিঙ্গুরে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বালাগড়ে ‘এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম’ এবং জয়রামবাটি-বারোগোপীনাথপুর-ময়নাপুর রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “গত ২৪ ঘণ্টা পশ্চিমবঙ্গের রেল সংযোগের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সম্ভবত গত এক শতাব্দীতে এত কম সময়ের মধ্যে এত বড় কাজ আর হয়নি।”

রেলে বিপ্লব: বন্দে ভারত ও অমৃত ভারত এক্সপ্রেস শনিবার মালদহ থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন এবং একগুচ্ছ অমৃত ভারত ট্রেনের সূচনা করেছিলেন মোদী। রবিবার সিঙ্গুরে তিনি জানান, আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বাংলা ও প্রধানমন্ত্রীর সংসদীয় এলাকা কাশীর (বারাণসী) সরাসরি সংযোগকারী নতুন ট্রেনটি। এছাড়াও দিল্লি ও তামিলনাড়ুর সাথেও বাংলার যোগাযোগ আরও সহজ করবে এই নতুন ট্রেনগুলি।

জলপথেও আসছে বদল: শুধু রেল নয়, জলপথ পরিবহনেও বড় বিনিয়োগের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কলকাতায় চালু করা হয়েছে অত্যাধুনিক ইলেকট্রিক ক্যাটামারান বা হাইব্রিড ইলেকট্রিক বোট। মোদী জানান, শ্যামা প্রসাদ মুখার্জি বন্দরের ক্ষমতা বাড়াতে গত ১১ বছরে কেন্দ্রীয় সরকার বিপুল বিনিয়োগ করেছে। সাগরমালা প্রকল্পের সুফল এখন সাধারণ মানুষ হাতেনাতে পাচ্ছেন।

বিকশিত ভারতের লক্ষ্য: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, “বিকশিত ভারতের লক্ষ্যে পূর্ব ভারতের উন্নয়ন অত্যন্ত জরুরি। আমরা বন্দর, নদীপথ, মহাসড়ক এবং বিমানবন্দরকে একসূত্রে বাঁধছি। এতে পরিবহনের খরচ ও সময় দুই-ই কমবে।” পরিবেশ-বান্ধব গ্রিন মোবিলিটির ওপর জোর দিয়ে তিনি জানান, ভারতের নদী পরিবহন ব্যবস্থাকে আধুনিক ও দূষণমুক্ত করতে বদ্ধপরিকর তাঁর সরকার।

সিঙ্গুরের এই মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর বার্তা স্পষ্ট— রেল থেকে জলপথ, উন্নয়নের দৌড়ে বাংলাকে কোনোভাবেই পিছিয়ে থাকতে দেবে না কেন্দ্র।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy