বড় ধাক্কা বিজেপিতে, পদত্যাগ করলেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন সভাপতি কে. আন্নামালাই!

তামিলনাড়ুর রাজনীতিতে বড়সড় রদবদল। বিজেপি থেকে ইস্তফা দিলেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কে. আন্নামালাই। মঙ্গলবার দিল্লিতে বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আজ বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

দলীয় সূত্রে খবর, গত বছর রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া এবং রাজ্যসভার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকেই শীর্ষ নেতৃত্বের সঙ্গে আন্নামালাইয়ের দূরত্ব বাড়ছিল। বিশেষ করে, এআইএডিএমকে-র সঙ্গে জোট নিয়ে বিজেপির সিদ্ধান্তে তিনি মোটেও খুশি ছিলেন না। এছাড়া কেন্দ্রীয় ত্রি-ভাষা নীতির প্রকাশ্যে বিরোধিতা করে তিনি আগেই নিজের ক্ষোভের ইঙ্গিত দিয়েছিলেন।

পদত্যাগের পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। শোনা যাচ্ছে, আন্নামালাই ‘মাক্কাল শক্তি আয়াকাম’ নামে নতুন দল গঠন করতে চলেছেন। যদিও তিনি নিজে এ নিয়ে কোনো মন্তব্য করেননি, তবে দুই দিনের মধ্যে নিজের পরবর্তী পরিকল্পনা জানাবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, ২০১১ ব্যাচের প্রাক্তন এই আইপিএস অফিসার ২০২০ সালে বিজেপিতে যোগ দিয়ে নিজের আক্রমণাত্মক শৈলী ও স্বচ্ছ ভাবমূর্তিতে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। এখন আন্নামালাইয়ের এই প্রস্থান তামিলনাড়ু বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy