এক সময় প্রেম মানেই ছিল সাত জনমের বন্ধন। কিন্তু বদলে যাওয়া সময়ে সম্পর্কের সংজ্ঞাটাও পাল্টে গিয়েছে দ্রুত। আজকের ডিজিটাল ডেটিং দুনিয়ায় ‘ঘোস্টিং’ বা ‘বেঞ্চিং’-এর নাম আমরা অনেকেই শুনেছি। তবে বর্তমানে তরুণ প্রজন্মের সম্পর্কের অন্দরে হানা দিয়েছে এক নতুন আতঙ্ক, যার নাম দেওয়া হয়েছে ‘আইসিং’ (Icing)। শব্দটা শুনতে মিষ্টি হলেও, বাস্তবের দংশন কিন্তু অত্যন্ত যন্ত্রণাদায়ক।
আসলে ‘আইসিং’ কী? সম্পর্কের শুরুতে সব ঠিকঠাক, অফুরন্ত আড্ডা আর উষ্ণতা। কিন্তু হঠাৎ করেই একদিন অনুভব করলেন, আপনার সঙ্গী আপনার প্রতি ভীষণ উদাসীন হয়ে উঠেছেন। তিনি আপনাকে ছেড়ে চলে যাননি, কিন্তু আগের সেই টান আর নেই। কথায় বার্তায় এক অদ্ভুত শীতলতা। বরফের মতো এই নিথর, আবেগহীন এবং দূরত্ব বজায় রাখা আচরণকেই মনোবিদরা বলছেন ‘আইসিং’।
ঘোস্টিং বনাম আইসিং: তফাতটা কোথায়? অনেকে এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেন। ‘ঘোস্টিং’-এ সঙ্গী হঠাৎ করে সব যোগাযোগ ছিন্ন করে উধাও হয়ে যান। কিন্তু ‘আইসিং’ আরও বেশি জটিল এবং বিষাক্ত। এখানে সঙ্গী পুরোপুরি হারিয়ে যান না, আবার কাছেও থাকেন না। দায়সারা উত্তর দিয়ে যোগাযোগ টিকিয়ে রাখেন, যা ভুক্তভোগীর মনে চরম বিভ্রান্তি আর অনিশ্চয়তা তৈরি করে।
কেন এই মরণখেলা? মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে মূলত তিনটি কারণ থাকতে পারে:
-
দায়বদ্ধতার ভয়: অনেকেই সিরিয়াস সম্পর্কে জড়াতে ভয় পান, কিন্তু সরাসরি ‘না’ বলার সাহস নেই। তাই দূরত্ব তৈরি করে নিজেকে সরিয়ে নিতে চান।
-
তৃতীয় ব্যক্তির উপস্থিতি: অনেক সময় সঙ্গী অন্য কারো প্রতি আকৃষ্ট হয়ে পড়লে বর্তমান সম্পর্ক থেকে ধাপে ধাপে নিজেকে দূরে সরিয়ে নেন।
-
দোষমুক্ত থাকার চেষ্টা: সরাসরি বিচ্ছেদ না করে এমন পরিস্থিতি তৈরি করা যাতে অন্য পক্ষই বিরক্ত হয়ে সরে যায়, ফলে নিজের ওপর কোনো দোষ থাকে না।
মানসিক স্বাস্থ্যে প্রভাব আইসিং-এর শিকার ব্যক্তিরা চরম মানসিক উদ্বেগের মধ্য দিয়ে যান। সঙ্গীর মাঝে মাঝে দেওয়া ‘সিগন্যাল’ তাঁদের মনে আশা জাগায় যে হয়তো সব ঠিক হয়ে যাবে। এই দোলাচল একজন মানুষকে মানসিকভাবে পঙ্গু করে দেয় এবং দীর্ঘমেয়াদি বিষণ্ণতা বা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়।
কীভাবে সামলাবেন এই পরিস্থিতি? ১. সরাসরি কথা বলুন: অস্পষ্টতা কোনো সুস্থ সম্পর্কের লক্ষণ নয়। লুকোচুরি না করে সঙ্গীর কাছে সরাসরি জবাব চান। ২. নিজের মর্যাদা বুঝুন: সব চেষ্টার পরেও যদি সঙ্গীর আচরণ না বদলায়, তবে সেই বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে আসাই শ্রেয়। ৩. আত্মসম্মান সবার আগে: কারো মনোযোগ ভিক্ষা করার চেয়ে নিজের মানসিক শান্তি এবং মর্যাদাকে গুরুত্ব দিন।