প্রধানমন্ত্রীকে টার্গেট? বেঙ্গালুরুতে কনভয়ের রুট থেকে বিস্ফোরক উদ্ধার, ঘেরাও গোটা এলাকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর চলাকালীন বেঙ্গালুরুতে বড়সড় নিরাপত্তা বিভ্রাট। রবিবার সকালে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার রুট থেকে উদ্ধার হল তাজা বিস্ফোরক। এই ঘটনায় দানা বাঁধছে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা। বেঙ্গালুরুর থাথাগুনি-কাগগালিপুরা এলাকায় রাস্তার ধারে দুটি জিলেটিন স্টিক পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা, যা ঘিরে মুহূর্তের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রী মোদী আজ ‘আর্ট অফ লিভিং’ ফাউন্ডেশনের ৪৫তম বর্ষপূর্তি এবং শ্রী শ্রী রবিশঙ্করের ৭০তম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে বেঙ্গালুরুতে ছিলেন। এইচএএল (HAL) বিমানবন্দর থেকে তাঁর গন্তব্যে যাওয়ার পথে ভাদেরাহাল্লি গেটের কাছে একটি ব্রিজের পাশে এই বিস্ফোরকগুলি উদ্ধার হয়। ঠিক যে রাস্তা দিয়ে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার কথা ছিল, তার মাত্র ২০ ফুট দূরেই পড়ে ছিল প্যাকেটটি। অ্যান্টি-স্যাবোটেজ চেক টিমের তৎপরতায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে।

এই ঘটনার কিছু সময় আগেই কন্ট্রোল রুমে একটি উড়ো ফোন আসে। সেখানে হুমকি দেওয়া হয় যে, এইচএএল বিমানবন্দর এবং আর্ট অফ লিভিং সেন্টারের কাছে বিস্ফোরণ ঘটানো হবে। সেই ফোন ট্র্যাক করে পুলিশ কোরামঙ্গলা এলাকা থেকে লোহিত নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশের দাবি, ধৃত ব্যক্তি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এবং আগেও ভিভিআইপি সফরের সময় এ ধরণের হুমকি ফোন করেছেন।

তবে এবারের বিষয়টি অন্যবারের চেয়ে আলাদা, কারণ ফোন আসার পর সত্যিই ঘটনাস্থল থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে। কে বা কারা এই জিলেটিন স্টিকগুলি সেখানে ফেলে গেল, তা খতিয়ে দেখতে বেঙ্গালুরু দক্ষিণ পুলিশের ৬টি বিশেষ টিম গঠন করা হয়েছে। বিস্ফোরক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কাগগালিপুরা থানার পুলিশ। গোটা এলাকায় বর্তমানে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy