সোমবার রাতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে রণক্ষেত্রের চেহারা নিল বরাহনগর। ৭ নম্বর ওয়ার্ডের আমতলায় বিজেপির একটি সভার পর বিজেপি কর্মীদের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপি প্রার্থী সজল ঘোষের দাবি, কুখ্যাত দুষ্কৃতী অজয় গুপ্তার নেতৃত্বে হামলা চালানো হয়েছে এবং বন্দুকের বাট দিয়ে মারধর করায় তাঁদের বেশ কয়েকজন কর্মী গুরুতর জখম হয়েছেন।
ঘটনার প্রতিবাদে বরাহনগর থানার সামনে সজল ঘোষের নেতৃত্বে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সজলের অভিযোগ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই এই ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি। বিক্ষোভ চলাকালীন উত্তজনা চরমে উঠলে স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়াল ফোন করেন সজল ঘোষকে। ফোনে সজল ‘বাংলাকে বাঁচানোর’ আর্তি জানালে, সিইও তাঁকে আশ্বাস দেন যে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভোট নির্বিঘ্নে করার দায়িত্ব কমিশনের। পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে সজলের প্রশ্নের জবাবে আগরওয়াল জানান, পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গভীর রাতে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার লিখিত আশ্বাসের পর বিক্ষোভ কিছুটা প্রশমিত হয়।





