পিছিয়ে যাচ্ছে ফাইনাল ভোটার লিস্ট? ২১ ফেব্রুয়ারির ডেডলাইন নিয়ে প্রবল সংশয়, বিশ বাঁও জলে SIR-এর কাজ!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা SIR (Special Intensive Revision) প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। নির্বাচন কমিশন ২১ ফেব্রুয়ারির মধ্যে ভোটারদের নথিপত্র নিষ্পত্তির সময়সীমা বেঁধে দিলেও, বর্তমান পরিস্থিতি বলছে সেই কাজ শেষ হওয়া প্রায় অসম্ভব। ফলে পূর্বনির্ধারিত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

কেন এই বিলম্ব ও জটিলতা? নির্বাচন কমিশনের ইআরও (ERO) এবং এইআরও (AERO)-রা এখনও কয়েক লক্ষ ভোটারের নথিপত্র যাচাই করে উঠতে পারেননি। ইতিমধ্যেই খসড়া তালিকায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে (মৃত, ভুয়ো ও স্থানান্তরিত)। সূত্রের খবর, আরও প্রায় ১২ লক্ষ নাম বাদ পড়ার আশঙ্কা রয়েছে। যার মধ্যে ৭ লক্ষ ভোটার শুনানিতেই হাজির হননি। নথিপত্র নিষ্পত্তিতে দেরি হলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর দিল্লির কাছে অতিরিক্ত সময় চাইতে পারে।

রাজনৈতিক সংঘাত ও তৃণমূলের তোপ এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, কমিশন তাড়াহুড়ো করে এই প্রক্রিয়া শেষ করতে গিয়ে সাধারণ ভোটারদের হয়রানি করছে। এমনকি ভোটারদের নথিপত্র সংক্রান্ত ছোট ভুলের জন্য হাজার হাজার নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে বলেও দাবি শাসকদলের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে ‘তুঘলকি কমিশন’ বলে আক্রমণ করেছেন।

অন্যদিকে, ১ ও ২ মার্চ কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যে আসার কথা রয়েছে। তাঁদের সফরের সময়েই চূড়ান্ত তালিকা প্রকাশ হয় কি না, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy