২০২৫ সালের ২২শে এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনায় তদন্তের মোড় ঘুরিয়ে দিল একটি মোবাইল ফোন। এনআইএ ও জম্মু-কাশ্মীর পুলিশের তদন্তে উঠে এসেছে, হামলাকারীদের ব্যবহৃত ফোনগুলো পাকিস্তানের করাচি-ভিত্তিক ফয়সাল ব্যাংকের অর্থায়নে আমদানি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, ২০২১ সালে পাকিস্তান আমদানিকৃত এই ফোনগুলোর চালান লস্কর-ই-তৈবার হাতে পৌঁছায়।
তদন্তে দেখা গেছে, হামলাকারী ফয়সাল জাট, হাবিব তাহির ও হামজা আফগানির কাছ থেকে উদ্ধার হওয়া রেডমি সিরিজের ফোনগুলো করাচির ‘টেক সিরাত প্রাইভেট লিমিটেড’ থেকে ফয়সাল ব্যাংকের অর্থায়নে এসেছিল। যদিও ব্যাংকটির সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলেনি, তবে অতীতেও লস্কর-ই-তৈবার মতো নিষিদ্ধ সংগঠনের সাথে এই ব্যাংকের যোগসূত্রের ইতিহাস রয়েছে। এনআইএ-র চার্জশিট বলছে, হামলাকারীরা নেটওয়ার্ক এড়িয়ে দূরপাল্লার বেতার যোগাযোগ ব্যবহার করলেও, ফোনের ফরেনসিক পরীক্ষায় উদ্ধার হয়েছে পহেলগামের বাইসারান তৃণভূমির মানচিত্র ও কৌশলগত ছবি। হামলার কয়েক সপ্তাহ আগেই সন্ত্রাসীরা ওই এলাকায় তাঁবু গেড়ে নিরাপত্তা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করছিল। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস করার পাশাপাশি এই তদন্ত এখন আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে।





