পশ্চিম এশিয়ার রণংদেহি আবহে যখন সাধারণ মানুষের মনে জ্বালানি নিয়ে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই আমজনতার মুখে হাসি ফোটাতে একগুচ্ছ বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। রান্নার গ্যাসের জোগান নিশ্চিত করার পাশাপাশি পাইপড ন্যাচারাল গ্যাস বা PNG সংযোগের ক্ষেত্রে একগুচ্ছ আকর্ষণীয় অফার দিচ্ছে মোদী সরকার।
৩১ মার্চের মধ্যে নিলেই বাম্পার অফার! পেট্রোলিয়াম বিভাগের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, দেশে PNG সংযোগের পরিধি দ্রুত বাড়াতে সরকার বদ্ধপরিকর। এর জন্য বিশেষ কিছু ছাড়ের ঘোষণা করা হয়েছে:
-
নিরাপত্তা ফি মওকুফ: নতুন PNG সংযোগের জন্য আর কোনও সিকিউরিটি চার্জ দিতে হবে না।
-
৫০০ টাকার গ্যাস ফ্রি: আগামী ৩১ মার্চের মধ্যে যারা নতুন গ্যাস সংযোগ নেবেন, তারা ৫০০ টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস পাবেন।
-
২৪ ঘণ্টা কাজ: দিল্লিতে পাইপলাইন বসানোর কাজ এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টাই চলবে। এমনকি রাস্তা মেরামতের ফি-ও মওকুফ করা হয়েছে।
এলপিজি নিয়ে বড় তথ্য ও কালোবাজারি রোখা যুগ্ম সচিব স্পষ্ট করেছেন যে, দেশে রান্নার গ্যাসের (LPG) কোনও ঘাটতি নেই। যারা গুজব ছড়াচ্ছে বা কালোবাজারি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ২৪ মার্চ বিভিন্ন রাজ্যে ২,৭০০টি অভিযান চালিয়ে প্রায় ২,০০০টি অবৈধ সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে প্রশাসন। শোধনাগারগুলিও পূর্ণ ক্ষমতায় কাজ করছে, তাই পেট্রোল-ডিজেলের জোগানে কোনও প্রভাব পড়বে না।
ডিজিটাল ইন্ডিয়ার সাফল্য গত ২৫ দিনে দেশে প্রায় ২.৫ লক্ষ নতুন PNG সংযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি, গতকালের মোট এলপিজি রিফিল বুকিংয়ের ৯২ শতাংশই হয়েছে অনলাইনে। বাণিজ্যিক ব্যবহারের জন্য ২২ লক্ষ টন এলপিজি ইতিমধ্যেই ২৬টি রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে।
ট্রাম্পের ফোন ও মোদীর তৎপরতা পশ্চিম এশিয়ার সংকট নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, গত ২৪ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং ফোন করেন প্রধানমন্ত্রীকে। দুই নেতার মধ্যেই সমুদ্রপথে পণ্য পরিবহণ ও নৌপথের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। একই বিষয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছেন মোদী। অন্যদিকে, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সংঘাত প্রশমনের বিষয়ে আলোচনা সেরেছেন।