ভারতীয় রেলের মুকুটে নয়া পালক ‘বন্দে ভারত’ স্লিপার এবং ‘অমৃত ভারত ২’ এক্সপ্রেস। কিন্তু এই ট্রেনগুলির আভিজাত্য যেমন বেড়েছে, তেমনই সাধারণ যাত্রীদের জন্য টিকিট বাতিল বা রিফান্ডের নিয়ম হয়ে দাঁড়িয়েছে অত্যন্ত কঠোর। সম্প্রতি রেলবোর্ডের জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই প্রিমিয়াম ট্রেনগুলির কনফার্মড টিকিট বাতিল করলে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে পারেন যাত্রীরা।
পয়সা ফেরত মিলবে না এক টাকাও! নতুন নিয়ম অনুযায়ী, ট্রেন ছাড়ার মাত্র ৮ ঘণ্টা আগে পর্যন্ত যদি আপনি কনফার্মড টিকিট বাতিল না করেন, তবে রেল আপনাকে এক পয়সাও ফেরত দেবে না (Zero Refund)। অর্থাৎ শেষ মুহূর্তে যাত্রা বাতিল করলে আপনার পুরো টাকাই জলে যাবে।
রিফান্ডের অংক এক নজরে: টিকিট বাতিলের সময় অনুযায়ী ভাড়ার কত শতাংশ কাটা যাবে, দেখে নিন:
-
৭২ ঘণ্টার বেশি আগে: ভাড়ার ২৫ শতাংশ কেটে নেওয়া হবে।
-
৭২ ঘণ্টা থেকে ৮ ঘণ্টার মধ্যে: ভাড়ার ৫০ শতাংশ কেটে নেওয়া হবে।
-
৮ ঘণ্টার কম সময় থাকলে: কোনো টাকা ফেরত পাওয়া যাবে না।
বিদায় নিল RAC ব্যবস্থা! বন্দে ভারত স্লিপার ট্রেনের অন্যতম বড় বদল হলো—এখানে কোনো RAC (Reservation Against Cancellation) ব্যবস্থা থাকছে না। অর্থাৎ টিকিট হয় কনফার্ম হবে, নয়তো ওয়েটিং লিস্টে থাকবে। মাঝপথে কোনো অর্ধেক আসন পাওয়ার সুযোগ নেই। এছাড়া মহিলা, প্রবীণ নাগরিক বা বিশেষভাবে সক্ষমদের জন্য কোনো বিশেষ কোটা রাখা হয়নি।
ভাড়ার নতুন মারপ্যাঁচ:
-
বন্দে ভারত স্লিপার: আপনি অল্প দূরত্বে গেলেও আপনাকে ন্যূনতম ৪০০ কিলোমিটারের ভাড়া গুনতে হবে।
-
অমৃত ভারত ২: এই ট্রেনের ক্ষেত্রেও একই রিফান্ড বিধি কার্যকর হলেও ন্যূনতম ভাড়ার দূরত্ব রাখা হয়েছে ২০০ কিলোমিটার।
তবে ওয়েটিং লিস্টের টিকিট কনফার্ম না হলে রিফান্ডের ক্ষেত্রে পুরনো নিয়মই বজায় থাকছে। রেলের এই কড়াকড়িতে আমজনতার পকেটে টান পড়ার প্রবল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।