দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, সেই সঙ্গে বাড়ছে নির্বাচনী উত্তাপ। অসহ্য গরম আর লোকসভা নির্বাচনের জোড়া প্রভাবে এবার কি এগিয়ে আসবে গরমের ছুটি? রাজ্যের শিক্ষা মহলে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ শুরু হতে না হতেই এপ্রিল মাস জুড়ে একগুচ্ছ ছুটির তালিকায় খুশি পড়ুয়ারা।
ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১৪ এপ্রিল আম্বেদকর জয়ন্তী উপলক্ষে রাজ্যজুড়ে সমস্ত স্কুল-কলেজ বন্ধ থাকছে। ঠিক তার পরদিন অর্থাৎ ১৫ এপ্রিল বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ। ফলে সপ্তাহের শুরুতেই টানা ছুটির আমেজ। এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বিহু ও হিমাচল দিবসের ছুটি থাকলেও বাংলায় মূল নজর এখন নববর্ষের উৎসবের দিকে।
তবে সবচেয়ে বড় জল্পনা তৈরি হয়েছে গরমের ছুটি নিয়ে। বিগত কয়েক বছরের ট্রেন্ড মেনে তীব্র দাবদাহের কারণে এপ্রিলের শেষ সপ্তাহেই স্কুল বন্ধের সম্ভাবনা দেখছেন অনেকে। বিশেষ করে ২৯ এপ্রিল রাজ্যে নির্বাচন এবং ৪ মে ফল ঘোষণা। ভোটকেন্দ্র হিসেবে স্কুলগুলি ব্যবহৃত হওয়ায় এপ্রিলের শেষ সোমবার থেকেই দীর্ঘ ছুটির ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও স্কুল শিক্ষা দপ্তরের তরফে এখনও কোনও চূড়ান্ত সিলমোহর পড়েনি, তবে এপ্রিলের এই টানা ছুটিতে পড়ুয়া ও অভিভাবকদের নজর এখন সরকারি বিজ্ঞপ্তির দিকে।





