নন্দীগ্রামের পর এবার ভবানীপুর! নির্বাচনী ফলাফল নিয়ে আদালতে প্রাক্তন মুখ্যমন্ত্রী

বিধানসভা নির্বাচনের ফলাফলকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। ভবানীপুর কেন্দ্রের নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হঠাৎই আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি হাইকোর্টে পৌঁছান। সূত্রের খবর, এই কেন্দ্র থেকে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ জানিয়েই তিনি একটি নির্বাচন সংক্রান্ত পিটিশন (Election Petition) বা হলফনামা দাখিল করেছেন।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হন মমতা। এদিন আদালতের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বেরিয়ে আসার সময় সাংবাদিকরা তাঁকে এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি সরাসরি উত্তর না দিয়ে জানান, এ বিষয়ে দলের মুখপাত্র কুণাল ঘোষ বিস্তারিত বলবেন। মমতার সঙ্গে এদিন কুণাল ঘোষ এবং দোলা সেনকেও দেখা গিয়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৬ সালের ১৪ মে ভোট পরবর্তী অশান্তির মামলায় হাইকোর্টে গিয়ে আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়েছিলেন তিনি।

রাজনৈতিক মহলের মতে, ২০২১ সালের নন্দীগ্রামের পর ২০২৬-এর ভবানীপুর—উভয় ক্ষেত্রেই শুভেন্দুর কাছে হার মানার পর আইনি লড়াই চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, রাজারহাট নিউটাউন বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ও নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। বর্তমানে নন্দীগ্রাম মামলাটি বিচারাধীন, আর এবার ভবানীপুরের ফল নিয়েও শুরু হলো নতুন আইনি লড়াই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy