বসন্ত উৎসবে মাতোয়ারা গোটা রাজ্য। রঙের উৎসবের সঙ্গে বাঙালির ‘সুরার সঙ্গত’ নতুন কিছু নয়। তবে দোলের দিন মদের দোকান খোলা বা বন্ধ রাখা নিয়ে প্রতি বছরই একরাশ ধন্দ থাকে সুরাপ্রেমীদের মনে। সেই বিভ্রান্তি দূর করতেই দোল ও হোলির দিন মদ বিক্রির সময়সীমা স্পষ্ট করল রাজ্য আবগারি দপ্তর।
দোলের দিন কখন খুলবে দোকান?
রাজ্য আবগারি দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, বাংলায় যেদিন দোলযাত্রা উৎসব উদযাপিত হবে, সেদিন দুপুর ২টো পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশি মদের দোকানগুলি বন্ধ রাখতে হবে। তবে রং খেলা শেষ হওয়ার পর, অর্থাৎ দুপুর ২টোর পর থেকে ফের স্বাভাবিকভাবে দোকান খোলা যাবে।
ছাড় মিলছে কোথায় কোথায়?
সরকারি নির্দেশিকা থাকলেও সব জায়গায় এই নিয়ম কার্যকর নয়। উৎসবের দিনেও যে জায়গাগুলি থেকে সুরা সংগ্রহ করা যাবে:
-
থ্রি স্টার বা তার উপরের গ্রেডের হোটেলের সঙ্গে লাগোয়া বার।
-
যে সমস্ত ক্লাবের মদ বিক্রির বৈধ লাইসেন্স রয়েছে।
দোল বনাম হোলি: কী নিয়ম?
অনেকের মনেই প্রশ্ন থাকে হোলির দিনও কি দোকান বন্ধ থাকবে? আবগারি দপ্তর স্পষ্ট জানিয়েছে, মদের দোকান বন্ধ ও খোলার এই নিয়মটি শুধুমাত্র দোলযাত্রার দিনই কার্যকর হবে। হোলির দিন মদের দোকান বন্ধ রাখার বিষয়ে আলাদা করে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি।
বছরের আর কোন কোন দিন ‘ড্রাই ডে’?
মনে রাখবেন, বছরে নির্দিষ্ট কিছু দিনে আবগারি নিয়ম মেনে মদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকে। সেই তালিকাটি হলো:
-
২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস (পুরো দিন বন্ধ)
-
১৫ আগস্ট: স্বাধীনতা দিবস (পুরো দিন বন্ধ)
-
২ অক্টোবর: মহাত্মা গান্ধীর জন্মদিবস (পুরো দিন বন্ধ)
-
মহরম: মহরমের দশম দিন (পুরো দিন বন্ধ)
উৎসবের দিনগুলিতে নিয়ম না মেনে বা অবৈধভাবে মদ বিক্রির ওপর নজর রাখতে আবগারি দপ্তর বিশেষ নজরদারি দলও গঠন করেছে। তাই অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সঠিক নিয়ম মেনে উৎসবে মেতে ওঠাই শ্রেয়।