২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ এবার উত্তরবঙ্গে তুঙ্গে। কোচবিহার উত্তর কেন্দ্রে বিজেপি প্রার্থী সুকুমার রায়ের সমর্থনে প্রচারের ময়দানে নামলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের রাস্তায় মহাগুরুর পা রাখা মাত্রই উন্মাদনার পারদ চড়ল কয়েক গুণ। প্রিয় অভিনেতাকে সামনে থেকে এক ঝলক দেখতে খাগরাবাড়ি থেকে রাজারহাট পর্যন্ত রাস্তার দু’ধারে কার্যত জনসমুদ্র তৈরি হয়।
প্রচার লড়াইয়ে টলিউড বনাম টলিউড কোচবিহারের নির্বাচনী লড়াই এবার বেশ জমজমাট। কয়েকদিন আগেই কোচবিহার দক্ষিণ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করে গিয়েছেন তারকা সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। এবার উত্তর কেন্দ্রে বিজেপির তুরুপের তাস হলেন মিঠুন। নির্বাচনী লড়াইয়ের ময়দানে টলিউডের দুই প্রজন্মের এই প্রচার-যুদ্ধ কোচবিহারের সাধারণ ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
রোড শো-র হাইলাইটস:
রুট: বৃহস্পতিবার দুপুরে খাগরাবাড়ি চৌপথি থেকে শুরু হয়ে রাজারহাট পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে এই মেগা রোড শো।
উপস্থিতি: সুসজ্জিত হুডখোলা গাড়িতে মিঠুনের পাশে ছিলেন বিজেপি প্রার্থী সুকুমার রায় এবং কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মন।
জনজোয়ার: সকাল থেকেই মহাগুরুর অপেক্ষায় ভিড় জমিয়েছিলেন উত্তরবঙ্গের মানুষ। রাস্তার দু’ধার থেকে পুষ্পবৃষ্টি আর ‘মহাগুরু’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে এলাকা।
রাজনৈতিক গুরুত্ব উত্তরবঙ্গের কোচবিহার জেলার ৯টি আসনেই এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে এই অঞ্চলে বিজেপির ফল আশাব্যাঞ্জক ছিল। সেই ধারা বজায় রাখতেই এবার মিঠুন চক্রবর্তীর মতো ‘ক্রাউড পুলার’-কে কোচবিহারে নামিয়ে তৃণমূলের তারকা প্রচারের পালটা জবাব দিল গেরুয়া শিবির।





