২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর অবশেষে স্পষ্ট হলো অসমের পরবর্তী প্রশাসনিক প্রধানের নাম। জল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের জন্য ব্রহ্মপুত্র তীরের রাজদণ্ড উঠতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার হাতেই। আগামী ১২ মে গুয়াহাটিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অসমের মুখ্যমন্ত্রী পদে পুনরায় শপথ নেবেন তিনি।
প্রতক্ষ্যদর্শী ও রাজনৈতিক সূত্রের খবর, পশ্চিমবঙ্গের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ঠিক তিন দিন পরেই অসমে এই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই হিমন্তের নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছে। উত্তর-পূর্ব ভারতের রাজনীতিতে হিমন্তের জনপ্রিয়তা এবং গত পাঁচ বছরে তাঁর উন্নয়নের কর্মকাণ্ডের ওপর ভরসা রেখেই পুনরায় তাঁকে কুর্সিতে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শপথ গ্রহণের প্রস্তুতি তুঙ্গে: রাজ্য প্রশাসন সূত্রে খবর, আগামী ১২ মে শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গুয়াহাটির সরুসাজাই স্টেডিয়াম বা খানাপাড়া পশুচিকিৎসা মহাবিদ্যালয় খেলার মাঠে বিশাল আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে। এছাড়াও প্রতিবেশী রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীরাও আমন্ত্রিতের তালিকায় থাকতে পারেন।
পশ্চিমবঙ্গ বনাম অসম: মে মাসের রাজনৈতিক ক্যালেন্ডার: চলতি সপ্তাহে বাংলায় বিজেপি সরকারের শপথ গ্রহণের পর সারা দেশের নজর ছিল অসমের দিকে। বাংলায় শমীক ভট্টাচার্যের ঘোষণার পর জানা গিয়েছিল যে শনিবার শপথ নেবে নব্য বিজেপি সরকার। তার ঠিক তিন দিনের ব্যবধানেই হিমন্তের শপথ গ্রহণের খবরটি জাতীয় রাজনীতিতে বিজেপির শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হিমন্ত বিশ্বশর্মার দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হওয়া অসমের বিজেপি সংগঠনে তাঁর একচ্ছত্র আধিপত্যকেই প্রমাণ করে। আগামী পাঁচ বছরের জন্য অসমের উন্নয়নের রূপরেখা কী হবে এবং মন্ত্রিসভায় নতুন কোন মুখরা জায়গা পাবেন, তা নিয়ে এখন গুয়াহাটি থেকে দিল্লি— সর্বত্রই শুরু হয়েছে জোর চর্চা।
১২ মে-র এই মাহেন্দ্রক্ষণ নিয়ে এখন গোটা উত্তর-পূর্ব ভারতে উন্মাদনা তুঙ্গে। ডেইলিয়ান্ট-এর পাঠকদের জন্য এই অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তের লাইভ আপডেট থাকবে আমাদের পোর্টালে।





