দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে বঙ্গ রাজনীতিতে নতুন বোম ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার আর ইভিএম হ্যাকিং বা ছাপ্পা ভোট নয়, তৃণমূলের বিরুদ্ধে সরাসরি ‘নকল আঙুল’ ব্যবহার করে ভোট চুরির চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি।
কী এই ‘নকল আঙুল’ তত্ত্ব?
শুভেন্দু অধিকারীর দাবি, তৃণমূল কর্মীরা আঙুলের ওপর এক ধরণের বিশেষ সিলিকন বা রাবারের নকল আঙুল পরে বুথে ঢুকবেন। ভোট দেওয়ার পর সেই নকল আঙুলের ওপর নির্বাচনী কালি লাগানো হবে। বুথ থেকে বেরিয়েই সেই নকল আবরণটি খুলে ফেলে দেবেন তাঁরা, ফলে আসল আঙুল থাকবে পরিষ্কার। এরপর ফের অন্য বুথে গিয়ে বা অন্য পরিচয়ে আবার ভোট দেবেন তাঁরা।
কাউন্সিলরের নাম নিয়ে আক্রমণ
এদিন সংবাদমাধ্যমের সামনে নিজের মোবাইল ফোন বের করে কিছু ছবি দেখান শুভেন্দু। তাঁর সরাসরি তোপ:
“তৃণমূল কাউন্সিলর দেবলীনা বিশ্বাস ৭৫০টি নকল আঙুল কিনেছেন। তৃণমূল নিকৃষ্টমানের ভোট চোর, কিন্তু এবার আর সেই চুরি করতে দেব না।”
শুভেন্দুর নিশানায় তৃণমূল:
বিরোধী দলনেতার মতে, এটি ভোট জালিয়াতির এক আধুনিক ও ভয়ংকর পদ্ধতি।
প্রশাসন ও নির্বাচন কমিশনকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তাঁর সাফ হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী ও বুথ এজেন্টরা এবার প্রতিটি ভোটারের আঙুল ভালো করে পরীক্ষা করবেন।
দ্বিতীয় দফার ভোটের আগে এই ‘নকল আঙুল’ বিতর্ক যে রাজনৈতিক পারদকে কয়েক গুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এখনও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ভোটের সকালে বুথে বুথে এখন এই আঙুল পরীক্ষা নিয়ে বাড়তি উত্তেজনা থাকবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।





